তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে?
প্রশ্ন: তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে না?
বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহর উত্তর: রমজান মানেই রোজাদারদের জন্য বিশেষ এক পরীক্ষা। এ পরীক্ষা যেমন মহান সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের, ঠিক তেমনি সুস্থ সবল দেহে পরিপূর্ণভাবে সব আমল ও ইবাদত সম্পন্ন করার। সেই আমল ও ইবাদত পালন করার সময় আমাদের কিছু ভুল ধারণা আছে। তার মধ্যে অন্যতম হলো, তারাবিহ নামাজ না পড়লে রোজা হবে কি না!
তারাবির সঙ্গে সিয়ামের কোনো সম্পর্ক নেই। তারাবি একটা ফজিলতের বিষয়। এই নামাজ সুন্নাত। আর সিয়াম একটা ফরজ এবাদত। তবে তারাবি নামাজ একটি গুরুত্বপূর্ণ এবাদত। এটি সিয়ামের চেয়ে কোনো অংশে কম নয়। রাসুল (সা.) বোখারি হাদিসের মধ্যে বলেছেন, ‘যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করল ইমানের সঙ্গে, তার পূর্বের যত গুনাহ আছে আল্লাহ তায়ালা সব মাফ করে দেবেন।’
একই হাদিসের মধ্যে রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করবে বা সালাতুত তারাবি আদায় করবে তার পূর্ববতী যত গুনাহ আছে আল্লাহ তায়ালা সমস্ত গুনাহ মাফ করে দেবেন।’
তারাবিহ নামাজ রাসুল (সা.) পড়েছেন। তার ধারাবাহিকতায় এই নামাজ মুসলমানরা পড়ে আসছেন। হজরত ওমর ফারুক (রা.) থেকে এখন অবধি ২০ রাকাত তারাবির নামাজ জামাতের সঙ্গে আদায় হয়ে আসছে। বাংলাদেশের সব মসজিদেই ২০ রাকাত তারাবির নামাজ পড়া হয়।
তাই রমজান মাসে সিয়ামের যত গুরুত্ব রয়েছে, ততটুকু তারাবির নামাজেরও গুরুত্ব রয়েছে। ফজিলতের দিক থেকে কোনো পার্থক্য নেই। কিন্তু দুটি ভিন্ন ইবাদত। তারাবির নামাজ যদি কেউ আদায় করে না থাকেন তাহলে যে তার সিয়াম হবে না বা তার ফজিলত থেকে মাহরুম হয়ে যাবেন— এমন বক্তব্য সঠিক নয়। তার সিয়াম হয়ে যাবে— এতে কোনো সন্দেহ নেই।