ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পাঁচ মাস চুপ থাকার কারণ জানালেন মাশরাফী

ক্রীড়া প্রতিবেদক 
প্রকাশিত: ২১:২২, ১২ ডিসেম্বর ২০১৯
পাঁচ মাস চুপ থাকার কারণ জানালেন মাশরাফী
ছবিঃ সংগৃহীত

এবছর ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই এক প্রকার চুপ ছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। বিভিন্ন সময় গণমাধ্যমে অনেক কিছু নিয়ে গুঞ্জন উঠলেও নির্বিকারচিত্তে চুপ থেকেছেন। বিসিবি তার বিদায়ী সিরিজের আয়োজন করতে চাইলে দুই মাস সময় চেয়ে নেন। নিজেকে ব্যস্ত রেখেছিলেন সেবামূলক কাজে। তবে কোনো কথাই বলেননি ক্রিকেট নিয়ে। অবশেষে দীর্ঘ পাঁচ মাস পর মুখ খুললেন তিনি। 

এর আগে যখনই প্রশ্ন করা হয়েছে, বলেছেন ক্রিকেট নিয়ে কথা নয়। তার যেকোনো ব্যাপারে গণমাধ্যমে যা কথা সব বলেছেন বিসিবি কর্তারাই। জাতীয় দলের অধিনায়ক হিসেবে ৫ জুলাই সর্বশেষ মাঠে নেমেছিলেন, কথা বলেছিলেন ক্রিকেট নিয়ে। দীর্ঘ করেক মাস বিরতি নিয়ে আজ ১২ ডিসেম্বর বিপিএলের ম্যাচ দিয়ে ফিরলেন ক্রিকেটে। ঢাকা প্লাটুনের অধিনায়ক হিসেবে কথা বললেন সংবাদ সম্মেলনে। 

সাংবাদিকদের সঙ্গে বরাবরই অনেক মিশুক। তবুও কাছের কোনো সাংবাদিককেও কিছু বলেননি ম্যাশ। এতদিন কথা না বলার কারণ ব্যখ্যা করে বৃহস্পতিবার মাশরাফি বলেন, ‘ভালো সম্পর্ক থাকা সব সময়ই ভালো। আপনারা আপনাদের পেশাগত কাজ করবেন, আমিও আমার খেলা খেলব। আপনাদের সঙ্গে আমার মনে হয় সব খেলোয়াড়েরই ভালো সম্পর্ক। পেশাগত দিক থেকে যখন প্রয়োজন পড়বে আপনাদের সামনে আসতেই হবে। বিশ্বকাপের পর আমি কোনো ধরনের ক্রিকেটে ছিলাম না যে আপনাদের সামনে এসে কথা বলব।’

Advertisement

দীর্ঘ সময় পর ক্রিকেটে ফেরার অনুভূতি ব্যক্ত করেছেন মাশরাফী। এ বিষয়ে তিনি বলেন, ‘এতদিন পর নেমেছি। একটু দ্বিধা আছে। অনেক দিন পর নামলে যা হয়! দুই-তিন দিন যাওয়ার পর ঠিক হয়ে যাবে। ছোট-খাটো চোটাঘাত আছে। দুই-তিন মাস বাইরে থাকলে যেটা হয় আর কি। তিন-চার ম্যাচ খেললে হয়তো ঠিক হয়ে যাবে। পিঠে একটু ব্যথা আছে। তবে এগুলো আগেও কাটিয়ে উঠেছি। এবারও ঠিক হয়ে যাবে।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!