ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্ব চ‌্যাম্পিয়নদের কোচ হচ্ছেন কলিংউড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:০৭, ১৩ জুন ২০২০
বিশ্ব চ‌্যাম্পিয়নদের কোচ হচ্ছেন কলিংউড
সাবেক ইংলিশ অধিনায়ক পল কলিংউড

ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের অস্থায়ী কোচ হচ্ছেন দেশটির সাবেক অধিনায়ক পল কলিংউড। নিয়মিত প্রধান কোচ ক্রিস সিলভারউড বিশ্রামে থাকায় আয়ারল‌্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ড দলের কোচের দায়িত্ব পালন করবেন সাবেক এ ইংলিশ খেলোয়াড়। কলিংউডকে জাতীয় দলের দায়িত্ব দেয়ার ব্যাপারে আগামী সপ্তাহেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

এর আগে ইংল‌্যান্ড দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কলিংউড। ২০১৪ সালে বাংলাদেশে সফরে ইংল্যান্ড টি-টোয়েন্টি দলের সহকারী কোচ ছিলেন তিনি।

আয়ারল্যান্ডের বিপক্ষে জুলাইয়ে তিন ম্যাচের সিরিজ খেলার পরিকল্পনা রয়েছে ইংল্যান্ডের। দু’টি ভেন্যু এজেম বোল ও ওল্ড ট্রাফোর্ডে সিরিজের ম্যাচগুলো হতে পারে। এখনো সূচি চূড়ান্ত হয়নি।

Advertisement

করোনাভাইরাসের কারণে গেল মার্চ থেকে ক্রিকেট বিশ্ব থমকে আছে। তবে আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবারো মাঠে ফিরছে ক্রিকেট।

ঐ সিরিজকে সামনে রেখে এরইমধ্যে ৫৫ জনের দল নিয়ে অনুশীলন শুরু করছে ইংল‌্যান্ড। কলিংউডকে দায়িত্ব দেয়ার দিনই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দলও ঘোষনা করবে ইংল্যান্ড।

২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন কলিংউড। তবে ২০১৮ সালে পেশাদার ক্রিকেট থেকে অবসর নেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে কলিংউডের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল চ্যাম্পিয়ন হয়। তার হাত ধরে প্রথমবারের মত বিশ্বকাপের মঞ্চে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ে ইংল্যান্ড। এরপর গেল বছর দেশের মাটিতে ইয়োইন মরগান নেতৃত্বে প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপ জেতে ইংলিশরা। 

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!