রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে তৃতীয় ধাপের ব্যক্তিগত অনুশীলন। শারীরিক অসুস্থতা ও কোয়ারেন্টাইনের জন্য এতদিন অনুশীলনে যোগ দেননি তামিম। তাই ১৬ মার্চের পরই আজকে মিরপুরে অনুশীলনের স্বাদ পেলেন টাইগার অধিনায়ক।
অনুশীনলের সূচি অনুযায়ী দশটায় আসার কথা থাকলেও তামিম এসেছেন তার আগেই। শুরুতে ৪৫ মিনিট রানিং করেছেন।
সকাল ১১টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ইনডোরে ব্যাটিং শেষে বাসায় ফিরেছেন তামিম। তবে অসুস্থ না হলে আরো আগেই মাঠে ফেরা হতো তার। পেটের সমস্যার চিকিৎসার কারণে লন্ডন গিয়ে ছিলেন তিনি। সেখান থেকে ১ আগস্ট দেশে ফিরে সরকারের স্বাস্থ্যবিধি মেনে ১৪ দিন ছিলেন হোম কোয়ারেন্টাইনে।
.png)
তামিমের মতো মোস্তাফিজও করোনাকালের বিরতি কাটিয়ে ফিরেছেন আজই। সকাল দশটা থেকে অল্প রানআপে প্রায় আধাঘণ্টার মতো বোলিং করেছেন। বোলিং শেষ করে মিরপুরের একাডেমিতে কিছুক্ষণ রানিং করেই শেষ করেছেন প্রথম দিনের অনুশীলন।
তামিম-মোস্তাফিজ ছাড়াও তৃতীয় দাফের সূচি অনুযায়ী বাকি ক্রিকেটাররাও ব্যক্তিগত অনুশীলন করেছেন। ছেলেদের পাশাপাশি নারী ক্রিকেটাররা ইনডোর, একাডেমি, জিমনেশিয়াম ও মূল মাঠ ব্যবহার করেছেন।
২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। সফরে তিনটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা। এই সফরকে কেন্দ্র করে আগামী মাসের শুরুতে কন্ডিশনিং ক্যাম্প শুরু করবে বিসিবি। তার আগে ক্রিকেটারদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। দেশে কয়েকদিন অনুশীলন করে শ্রীলঙ্কাতে গিয়েও বেশ কয়েক সপ্তাহ প্রস্তুতির সুযোগ পাবে সফরকারীরা। ২৪ অক্টোবর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে শ্রীলঙ্কা সিরিজ।