আফগানিস্তানের নতুন বোলিং কোচ শন টেইট
সাবেক অজি পেসার শন টেইটকে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে । এই গতি তারকাকে আগামী পাঁচ মাসের জন্য নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
আফগানিস্তানের হেড কোচ ক্লুজনারের পক্ষে একা পুরো দলকে সামাল দেয়া সম্ভব হচ্ছে না বলেই টেইটকে বোলিং বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে বলে জানা যায়।
আফগানিস্তান দল মূলত স্পিন নির্ভর। তাদের দলের আছে বিশ্বমানের তিন স্পিনার রশিদ খান, মুজিব উর রহমান এবং মোহাম্মদ নবী। সম্প্রতি কায়েস আহমেদ নামে আরেক লেগির আবির্ভাব ঘটেছে।
.png)
স্পিন বিশ্বমানের হলেও পেস বোলিং অ্যাটাকে খুব একটা ভালো না আফগানরা। এবার সেদিকেই মনোনিবেশ দেয়া হচ্ছে। আর সেজন্যই অজি গতি তারকা শন টেইটকে নিয়োগ দেয়া হচ্ছে বোলিং কোচ হিসেবে।
মূলত হেড কোচ ক্লুজনারের চাওয়াতেই দায়িত্ব দেয়া হয়েছে টেইটকে। এ কথা জানিয়ে টেইট বলেছেন, গত কয়েক মাস ধরেই এ বিষয়ে আলোচনা চলছিল। এখন আমি দায়িত্ব নিতে চলেছি। মূলত ক্লুজনার চাচ্ছিলেন বোলিংটা যেন অন্য কেউ দেখে। তাই এটি হলো।
তিনি আরো বলেন, সবাই শুধু আফগানিস্তানের স্পিনারদের নিয়ে কথা বলে। তাই আমার অন্যতম কাজ হলো, মানুষ যেন দলটির ফাস্ট বোলারদের নিয়েও ভাবতে শুরু করে। কিছু কাজ করতে হবে। আমি আশাবাদী দলটিকে কিছু দিতে পারব। বিশেষ করে ডেথ ওভারের জন্য পেসারদের তৈরি করার বিষয়ে।