ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আবাহনীকে উড়িয়ে দিল মোহামেডান 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৯, ১৭ নভেম্বর ২০২১
আবাহনীকে উড়িয়ে দিল মোহামেডান 
ছবি: ডেইলি বাংলাদেশ

আবাহনী-মোহামেডানের লড়াই মানেই ভিন্ন কিছু। টানটান উত্তেজনা থাকে খেলোয়াড় থেকে শুরু করে কোচ কর্মকর্তা ও দর্শকদের মাঝে। তেমনই এক ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তবে সুবিধা করে উঠতে পারেনি আবাহনী। তাদের হারিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থেকে প্রিমিয়ার ডিভিশন হকি লিগের সুপার ফাইভে উঠল মোহামেডান।

বুধবার মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আবাহনীকে ৪-০ গোলে হারিয়ে শেষ হাসি হাসলো দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি। পাকিস্তানের তাজওয়ার আব্বাস দুটি, আর্জেন্টাইন হোয়াকিম মেনিনি ও রাজীব দাস একটি করে গোল করেন।

১১ ম্যাচে দশ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে থেকে সুপার ফাইভে উঠল তারা। ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে প্রথম ধাপ শেষ করল আবাহনী।

Advertisement

প্রথম ধাপের সবগুলো ম্যাচ জিতে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে আগেই সুপার ফাইভে উঠেছিল মেরিনার ইয়াংস। প্রথম ধাপে মোহামেডানকে একমাত্র হারের তেতো স্বাদ দিয়েছিল তারা।

পঞ্চম মিনিটে প্রতিপক্ষের ভুলে বল পেয়ে যান রাসেল মাহমুদ জিমি। মোহামেডান অধিনায়কের পুশে নিখুঁত রিভার্স হিটে দলকে এগিয়ে নেন আর্জেন্টিনার হয়ে ২০১৬ রিও দে জেনেইরো অলিম্পিক সোনা জেতা হোয়াকিম মেনিনি।

২৭তম মিনিটে বিয়র্ন কোলারমান ডান দিক দিয়ে একক প্রচেষ্টায় আক্রমণে উঠে শেষ মুহূর্তে তালগোল পাকিয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন। ম্যাচজুড়ে একাধিক পেনাল্টি কর্নার (পিসি) পেলেও আবাহনীকে গোল এনে দিতে পারেনি কেউ।

পেনাল্টি কর্নার থেকে ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় মোহামেডান। সুনিল ভিতালাচারিয়ার পুশ আমিরুল ইসলাম স্টপ করার পর ছোট পুশ করেন গনসালো পেইয়াত (Peillat)। এরপর দারুণ হিটে লক্ষ্যভেদ করেন পাকিস্তানের তাজওয়ার আব্বাস।

৪৯তম মিনিটে আবাহনীকে আরও কোলঠাসা করে ফেলে মোহামেডান। সুনিলের আড়াআড়ি পাসে রাজীব দাস স্কোরলাইন ৩-০ করেন। ৫২ মিনিটে ব্যবধান আরও বাড়ান আব্বাস।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!