ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে কারণে নেতৃত্ব থেকে সরানো হয়েছে কোহলিকে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৫২, ৯ ডিসেম্বর ২০২১
যে কারণে নেতৃত্ব থেকে সরানো হয়েছে কোহলিকে
বিরাট কোহলি

সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলিকে সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের ওয়ানডে ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে। এমনটা করার কারণ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।

বোর্ড সভাপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোহলিকে অধিনায়কত্ব থেকে সরানো বোর্ড এবং নির্বাচকদের যৌথ সিদ্ধান্ত। সাদা বলের দু’টি ফরম্যাটে দু’জন আলাদা অধিনায়কের পক্ষে ছিলেন না নির্বাচকরা। আর এ কারণেই কোহলিকে একদিনের ক্রিকেটেও অধিনায়ক রাখা হয়নি। আর বোর্ডও তাতে আপত্তি করেনি।

ভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, এই সিদ্ধান্ত বোর্ড এবং নির্বাচকদের তরফ থেকে যৌথভাবে নেয়া হয়েছে। বোর্ড এর আগে কোহলিকে টি-২০ ফরম্যাটের নেতৃত্ব থেকে না সরতে অনুরোধ করেছিল। তবে কোহলি রাজি ছিলেন না। এরপরই নির্বাচকরা সিদ্ধান্ত নেন, সাদা বলের দুই ফরম্যাটে দু’জন আলাদা অধিনায়ক রাখার অর্থ নেই। 

Advertisement

তিনি আরো বলেন, তাই ঠিক করা হয় কোহলিকে শুধু টেস্ট অধিনায়ক রাখা হবে এবং সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দেবে রোহিত। আমি নিজে সভাপতি হিসেবে ব্যক্তিগতভাবে কোহলির সঙ্গে কথা বলেছি। নির্বাচক কমিটির চেয়ারম্যানও ওর সঙ্গে কথা বলেছেন।

একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে অবদানের জন্য কোহলিকে ধন্যবাদ জানিয়েছেন সৌরভ। একইসঙ্গে স্পষ্ট করে দিয়েছেন, সাদা বলের ক্রিকেটে রোহিতের নেতৃত্বের প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে।

বিসিসিআই সভাপতি বলেন, রোহিত শর্মার নেতৃত্ব দেওয়ার ক্ষমতার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। কোহলি টেস্ট অধিনায়ক হিসেবে থাকছে। বোর্ডে আমরা যারা রয়েছি, তারা এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে ভারতীয় ক্রিকেট সঠিক হাতেই রয়েছে। সাদা বলের ক্রিকেটে অবদানের জন্য বিরাটকে অনেক ধন্যবাদ।

বুধবার রাতে কোহলিকে নেতৃত্ব থেকে সরানোর পর থেকেই বোর্ডের সমালোচনা করছিলেন সমর্থক থেকে বিশেষজ্ঞরা। তারা বলছিলেন, কোহলির প্রতি যে ব্যবহার করা হয়েছে তা অন্যায্য।

অনেকে এটাও বলেছিলেন, বোর্ডের দেওয়া ৪৮ ঘণ্টা সময় অতিক্রান্ত হওয়াতেই কোহলির থেকে নেতৃত্ব কাড়া হয়েছে। তবে সৌরভের কথায় পরিষ্কার, সিদ্ধান্ত নেয়ার আগে সদ্য সাবেক ভারত অধিনায়কের সঙ্গে কথা বলা হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!