ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কোহলি মিথ্যুক!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:১৭, ১৬ ডিসেম্বর ২০২১
কোহলি মিথ্যুক!
বিরাট কোহলি

ভারতীয় ক্রিকেটে এখন চলছে তুমুল নাটকীয়তা। এমন এক গোছালো দলের যে এই পরিস্থিতি হবে তা হয়তো ভাবেইনি ক্রিকেটবিশ্ব। অধিনায়কত্বের পরিবর্তন নিয়ে অনেকটা মুখোমুখি অবস্থায় বিরাট কোহলি ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যেখানে কোহলিকে রীতিমতো মিথ্যুক বলে দাবি করছে ক্রিকেট বোর্ড।

এর আগে সৌরভ গাঙ্গুলি দাবি করেছিলেন, টি-২০ সংস্করণের নেতৃত্ব না ছাড়ার জন্য বিরাট কোহলিকে অনুরোধ করেছিলেন তিনি। কিন্তু ১৫ ডিসেম্বর কোহলি দাবি করেন, তাকে কেউ এমন কোনোকিছু বলেনি। কোহলির বক্তব্যের কয়েক ঘণ্টা পর বিসিসিআইয়ের এক মুখপাত্র জানান, কোহলিকে নেতৃত্ব না ছাড়তে অনুরোধ করেছিলেন তারা!

ভারতের ক্রিকেটে সাম্প্রতিক অবস্থা ভালো নেই। কিছুদিন আগে কোহলির কাছ থেকে আচমকা ওয়ানডে সংস্করণের নেতৃত্ব কেড়ে নেয়া হয়। আর তা হস্তান্তর করা হয় রোহিত শর্মাকে। এরপর বিসিসিআই সভাপতি সৌরভ দাবি করেছিলেন, কোহলিকে টি-২০ নেতৃত্ব ছাড়তে অনুরোধ করেছিলেন তারা।

Advertisement

যুক্তি হিসেবে সৌরভ জানান, সাদা বলের দুই সংস্করণে দুই অধিনায়ক রাখা সম্ভব নয় বলেই কোহলিকে এমনটা বলেছিলেন তারা। এরপর কোহলি বলেন উল্টো কথা। ভারতের একটি গণমাধ্যমকে এর জবাব দিয়েছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা।

তিনি বলেন, ‘বিরাট কী করে বলছে যে ওর সঙ্গে কথা বলা হয়নি! আমরা গত সেপ্টেম্বরেই তার সঙ্গে কথা বলেছিলাম। তাকে অনুরোধ করেছিলাম টি-২০র অধিনায়কত্ব না ছাড়ার জন্য। কিন্তু একবার ও সিদ্ধান্ত নিয়ে নেয়ার পর সাদা বলের ক্রিকেটে দু’জন অধিনায়ক রাখা আমাদের জন্য সম্ভব ছিল না।’

নিজের সংবাদ সম্মেলনে অধিনায়ক হিসেবে রোহিতকে শতভাগ সাহায্য করবেন বলে প্রতিশ্রুতি দিলেও কোহলি জানিয়েছিলেন, ওয়ানডের নেতৃত্ব থেকে সরানোর মাত্র দেড় ঘণ্টা আগে তাকে এই ব্যাপারে অবগত করে বিসিসিআই।

এ কথার বিরোধিতা করেন সেই কর্মকর্তা আরো বলেন, ‘বিসিসিআইয়ের নির্বাচক প্রধান চেতন শর্মা দল নির্বাচনের বৈঠকের দিন সকালেই কোহলিকে জানিয়ে দেন, যে তিনি আর অধিনায়ক থাকছেন না।’ এমতাবস্থায় কোহলিকে যেন পরোক্ষভাবে মিথ্যুকই বলছে বিসিসিআই! 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!