আবিদ আলি তার সবশেষ বাংলাদেশ সফরের প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১৩৩ ও ৯১ রান করেন। সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন কায়েদ এ আজম ট্রফিতেও। এরই মধ্যে হাঁকিয়েছেন জোড়া ফিফটি।
কিন্তু বছরের শেষটা হয়তো প্রত্যাশামাফিক হচ্ছে না আবিদের। সোমবার কায়েদ এ আজম ট্রফির শেষ রাউন্ডের ম্যাচে খেলার মাঝেই বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। যার ফলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটতে হয়েছে ৩৪ বছর বয়সী এ তারকা ব্যাটারকে।
.png)
পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যাচ্ছে, ইউবিএল ক্রিকেট গ্রাউন্ডে খাইবার পাখতুনের বিপক্ষে ম্যাচে খেলতে নেমেছিলেন সেন্ট্রাল পাঞ্জাবের আবিদ আলি। ব্যাটিংয়ে নেমে দুইবার বুকে ব্যথা হওয়ার কথা জানান তিনি। ব্যক্তিগত ৬১ রানের সময় আর না পেরে সাজঘরে ফিরে যেতে হয় তাকে।
পরে সেন্ট্রাল পাঞ্জাবের টিম ম্যানেজার আশরাফ আলি জানান, তাদের ওপেনার আবিদ আলিকে পর্যবেক্ষণ ও পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চেক আপের পরেই কিছু বলা যাবে বলে জানিয়েছেন তিনি।
বুকে ব্যথা নিয়ে মাঠ ছাড়ার আগে খেলা ৬১ রানের ইনিংসের মাধ্যমে অনন্য এক মাইলফল স্পর্শ করেছেন আবিদ আলি। এদিন প্রথম শ্রেণির ক্রিকেটে ৯০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। চলতি বছর টেস্ট ক্রিকেটে ১৫ ইনিংসে প্রায় ৫০ গড়ে ৬৯৫ রান করেছেন আবিদ। যেখানে রয়েছে দুইটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি।