ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ধারে কুলুসেভিস্কিকে দলে ভিড়িয়েছে টটেনহ্যাম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৪, ১ ফেব্রুয়ারি ২০২২
ধারে কুলুসেভিস্কিকে দলে ভিড়িয়েছে টটেনহ্যাম
ডিয়ান কুলুসেভিস্কি

জুভেন্টাস থেকে সুইডিশ অ্যাটাকিং মিডফিল্ডার ডিয়ান কুলুসেভিস্কিকে দলে ভিড়িয়েছে টটেনহ্যাম হটস্পার। ১৮ মাসের ধারে এই চুক্তি সম্পন্ন হলেও জুভেন্টাসের কাছ থেকে তাকে স্থায়ীভাবে কিনে নেবার শর্তাবলী চুক্তিতে রয়েছে।

জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে গতকাল এ নিয়ে দ্বিতীয় খেলোয়াড় দলভুক্ত করলো উত্তর লন্ডনের ক্লাবটি। এর আগে দিনের শুরুতে ২০২৬ সাল পর্যন্ত রডরিগো বেনতাঙ্কুরের সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে টটেনহ্যাম।

স্টকহোমে জন্মগ্রহণকারী কুলুসেভিস্কি মাত্র ১৬ বছর বয়সে সুইডেন ছেড়ে ইতালিয়ান ক্লাব আটালান্টার যুব দলে যোগ দেন। সেখানে থেকে নিজেকে পরিণত করে ২০১৯ সালের জানুয়ারিতে প্রথমবারের মত সিরি আ লিগে সিনিয়র দলে খেলার সুযোগ পান।

Advertisement

পরের মৌসুমের প্রথম ভাগটা তিনি ধারে পার্মাতে খেলেছেন। সেখানে দারুণভাবে নিজেকে প্রমাণ করার পর ২০২০ সালের জানুয়ারিতে জুভেন্টাসে পাড়ি জমান। কিন্তু সেখান থেকে আবারো ধারে পার্মাতে যোগ দিয়ে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে যান।

নিয়মিত ভাবে পার্মার মূল একাদশে খেলে ৩৯ ম্যাচে ১০ গোল করা ছাড়া ৯টি এসিস্ট করেছেন। আর এর ফলস্বরুপ ২০১৯/২০ মৌসুমের সিরি আ লিগের বর্ষসেরা তরুণ খেলোয়াড় মনোনীত হন ২১ বছর বয়সী এই মিডফিল্ডার।

২০২০/২১ মৌসুমে তিনি জুভেন্টাসের নিয়মিত খেলোয়াড়ে পরিণত হন। কোপা ইতালিয়ান ফাইনালে সাবেক ক্লাব আটলান্টার বিপক্ষে কুলুসেভিস্কির এক গোল ও এক অ্যাসিস্টে ২-১ গোলে জয়ী হয়ে জুভেন্টাস শিরোপা জয় করে।

গ্রীষ্মে ইউরো ২০২০’এ সুইডেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। পোল্যান্ডের বিপক্ষে ৩-২ গোলে জয়ী হয়ে সুইডেন নক আউট পর্ব নিশ্চিত করেছিল। ঐ ম্যাচে দুই গোলের যোগাদাতা ছিলেন তিনি। সুইডেনের হয়ে এ পর্যন্ত ২০ ম্যাচে করেছেন ১ গোল।

এবারের মৌসুমের প্রথম ভাগ শেষে সব ধরনের প্রতিযোগিতায় কুলুসেভিস্কি এ পর্যন্ত জুভেন্টাসের হয়ে ২৭টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ম্যাচ রয়েছে। তুরিনের জায়ান্টদের হয়ে সব মিলিয়ে ৭৪ ম্যাচে করেছেন ৯ গোল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!