ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মাইলফলক স্পর্শ ভারতের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০৭, ৬ ফেব্রুয়ারি ২০২২
মাইলফলক স্পর্শ ভারতের
ভারতীয় ক্রিকেট দল -ফাইল ফটো

এক দিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ক্রিকেটে নতুন মাইলফলক স্পর্শ করলো ভারতীয় দল। আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ শুরু হওয়া তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমেই এক হাজার ম্যাচ খেলার নতুন মাইলফলক স্পর্শ করে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।

বিশ্বের প্রথম দল হিসেবে ওয়ানডেতে এক হাজার ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলো ভারত।

১৯৭১ সালের ৫ জানুয়ারি মেলবোর্নে প্রথম এক দিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়। আর ১৯৭৪ সালের ১৩ জুলাই লিডসে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম ওয়ানডে খেলতে নেমেছিলো ভারত। ২০০২ সালে ৫০০তম ম্যাচ খেলে ভারত। দুই দশক পর, ওয়ানডেতে এক হাজার ম্যাচ খেলতে নামলো টিম ইন্ডিয়া।

Advertisement

মাইলফলক স্পর্শ করার আগে ৯৯৯টি ওয়ানডেতে ভারতের জয় ৫১৮টি, হার ৪৩২টি, ৯টি টাই এবং ৪১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

নিজেদের ওয়ানডে ইতিহাসে শ্রীলংকার বিপক্ষে সবচেয়ে বেশি ১৬২টি ম্যাচ খেলেছে ভারত। সবচেয়ে বেশি জয়ও এসেছে শ্রীলংকার বিপক্ষে, ৯৩টি। সবচেয়ে বেশি ৮০ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারের স্বাদ পেয়েছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৩ ম্যাচে ৫৩টি জয় আছে ভারতের।

আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে মাইলফলক স্পর্শ করার আগে, ক্যারিবীয়ানদের বিপক্ষে ১৩৩বার মুখোমুখি হয়েছে ভারত। জয় ৬৪টি, হার ৬৩টি, ২টি ম্যাচ টাই ও ৪টি পরিত্যক্ত হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!