ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জয় দিয়েই হাজারতম ওয়ানডে ম্যাচ রাঙাল ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:০০, ৭ ফেব্রুয়ারি ২০২২
জয় দিয়েই হাজারতম ওয়ানডে ম্যাচ রাঙাল ভারত
ভারত দল

জয় দিয়েই নিজেদের ইতিহাসের হাজারতম ওয়ানডে ম্যাচটি স্মরণীয় করে রাখলো ভারতীয় ক্রিকেট দল। বিশ্বের প্রথম দল হিসেবে রোববার হাজারতম ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া।

মাইলফলক স্পর্শ করা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিক  ভারত। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল রোহিত শর্মার দল।

আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ভারত। ভারতীয় বোলারদের তোপে শুরুতেই খেই হারিয়ে ফেলে ক্যারিবিয়রা। এক পর্যায়ে  ৭৯ রানেই সপ্তম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

Advertisement

শাই হোপ ৮, ব্রান্ডন কিং ১৩, ড্যারেন ব্রাভো ১৮, শামারাহ ব্রুকস ১২, নিকোলাস পুরান ১৮, অধিনায়ক কাইরন পোলার্ড-আকিল হোসেন খালি হাতে ফিরেন। এর মধ্যে স্পিনার যুবেন্দ্র চাহাল ৩টি ও ওয়াশিংটন সুন্দর ২টি উইকেট নেন।

১০০ রানের নীচে গুটিয়ে যাবার শংকায় পড়া ওয়েস্ট ইন্ডিজকে খাদের কিনারা থেকে টেনে তোলেন জেসন হোল্ডার ও ফাবিয়ান অ্যালেন। অষ্টম উইকেটে ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন তারা। এতে দলের স্কোর ১০০ পেরিয়ে দেড়শ স্পর্শ করে।

৩৮তম ওভারে হোল্ডার-অ্যালেন জুটি ভেঙ্গে ভারতকে দারুন ব্রেক-থ্রু এনে দেন স্পিনার সুন্দর। অ্যালেন ২৯ রান করেন। হোল্ডার-অ্যালেন ৯১ বলে ৭৮ রানের জুটি গড়েন।

হাফ সেঞ্চুরি তুলে ৪১তম ওভারে থামেন হোল্ডার। ৪টি ছক্কায় ৭১ বলে ৫৭ রান করেন তিনি। শেষ পর্যন্ত ৪৩ দশমিক ৫ ওভারে ১৭৬ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ভারতের চাহাল ৪৯ রানে ৪টি, সুন্দর ৩০ রানে ৩টি উইকেট নেন।

জবাবে ভারতকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা ও ইশান কিষাণ। মারমুখী মেজাজে ছিলেন রোহিত। ৪২তম বলে ওয়ানডে ক্যারিয়ারের ৪৪তম হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি।

কিষাণকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৭৯ বলে ৮৪ রানের শুরু এনে দিয়ে থামেন রোহিত। ৫১ বলে ৬০ রান করেন তিনি। ১০টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান রোহিত।

এরপর ২৩ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চিন্তায় পড়ে যায়  ভারত। বিরাট কোহলি ৮, কিষাণ ২৮ ও উইকেটরক্ষক রিশাভ পান্ট ১১ রান করে আউট হন।

১১৬ রানে ৪ উইকেট পড়লেও, পঞ্চম উইকেটে ৬৩ বলে ৬২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ভারতকে জয় এনে দেন সূর্যকুমার যাদব ও অভিষেক ম্যাচ খেলতে নামা দীপক হুদা। তখনও ম্যাচের ১৩২ বল বাকী ছিলো।

৫টি চারে ৩৬ বলে অপরাজিত ৩৪ রান করেন সূর্য। ৩২ বলে অপরাজিত ২৬ রান করেন হুদা। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ নেন  ২ উইকেট।

আগামী ৯ ফেব্রুয়ারি একই ভেন্যুতে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!