আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে টি-২০র লড়াইয়ে নামবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে জয় পেলেও টি-২০তে আফগানরা বড় পরীক্ষা নিতে পারে। আর এটা বেশ ভালো করেই জানেন সিডন্সও।
সিডন্স বলেন, ‘আফগানিস্তান এই মুহুর্তে ওয়ানডের চেয়ে টি-২০তে ভালো খেলছে। এটা তাদের প্রিয় ফরম্যাট। আমাদের অনেক উন্নতি করতে হবে। আফগানিস্তানের সঙ্গে ভালো করতে হলে দ্রুত রান তোলা ছাড়া উপায় নেই।’
.png)
তবে শুধু আফগানিস্তান সিরিজই নয়, গোটা টি-২০র ক্যালেন্ডারই ভাবাচ্ছে সিডন্সকে। বিশ্বকাপের আগে অবশ্য পরীক্ষা-নিরীক্ষার ইচ্ছা নেই তার। তবে স্কোয়াডের ক্রিকেটারদের স্কিলের উন্নতি করতে বদ্ধপরিকর তিনি।
সিডন্সের ভাষায়, ‘আমি দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় যেতে চাই না। আমাকে যে দল দেয়া হবে তা নিয়েই কাজ করব। অবশ্যই টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে ক্রিকেটারদের একটা তালিকা আছে। এই ফরম্যাটে ওদের উন্নতি করানোর ব্যাপারে কাজ করব।’
সিডন্স আরো বলেন, ‘এ মুহুর্তে টি-২০ ফরম্যাটেই সর্বোচ্চ ফোকাসে থাকবে। কারণ এ বছর বিশ্বকাপ আছে। আমরা যদি অক্টোবর-নভেম্বরের মধ্যে ভালো টি-২০ ক্রিকেটার হতে পারি তবে ভারতে ওয়ানডে বিশ্বকাপে পা দেয়ার আগেই ভালো ওয়ানডে দল হয়ে উঠতে পারবো।’
টাইগারদের ব্যাটিং কোচ যোগ করেন, ‘আমরা জানি, বিশ্বকাপে আমাদের খুব বড় স্কোর করতে হবে। ২৬০-২৭০ রান করে ভারতে জেতা যাবে না, সেখানে ৩২০ করতে হবে। তাই পাওয়ার হিটিং জরুরী।’