ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ: দর্শকদের জন্য সুখবর

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৪, ২৭ ফেব্রুয়ারি ২০২২
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ: দর্শকদের জন্য সুখবর
ফাইল ছবি

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন যাবৎ গ্যালারিতে দর্শক ছাড়াই খেলা মাঠে গড়িয়েছে। সম্প্রতি দেশের মাঠে অল্প কিছু দর্শক নিয়ে বেশ কিছু খেলা অনুষ্ঠিত হয়েছে। এবার দর্শকরা পেলেন বড় সুখবর। কারণ আসন্ন সিরিজে গ্যালারির দর্শকসংখ্যা উন্নীত করা হচ্ছে শতভাগে।

অর্থাৎ, করোনা পরবর্তী সময়ে প্রথমবারের মত বাংলাদেশের ক্রিকেটে ফিরছে শতভাগ দর্শক। স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী আফগানিস্তানের মধ্যকার টি-২০ সিরিজে ধারণক্ষমতার শতভাগ দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দিতে যাচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিষয়টি নিশ্চিত করেছেন তানভীর আহমেদ টিটু। তিনি জানান, করোনা সংক্রমণের হার কমায় সরকারের নির্দেশনা মেনেই এই সিদ্ধান্ত নিতে চলেছে বোর্ড। তবে চট্টগ্রামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ১০ হাজারের বেশি দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন না।

Advertisement

এ বিষয়ে টিটু বলেন, ‘ঢাকায় টি-২০ সিরিজে ফুল হাউজ থাকবে আশা করছি। সব আসনেই দর্শক রাখার পরিকল্পনা রয়েছে। চট্টগ্রামে শেষ ওয়ানডেতে ১০ হাজারের মতই থাকবে। এখন শেষমুহুর্তে বাড়তি টিকিট ছাপানো একটু ঝামেলার। তবে ঢাকায় আশা করছি ধারণক্ষমতার সমান দর্শক থাকবে।’

চলমান ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে ঢাকায়। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দুটি টি-২০। ৩ ও ৫ মার্চ দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়।

করোনা পরবর্তী সময়ে বাংলাদেশের ক্রিকেটে দর্শক ফিরেছিল পাকিস্তান সিরিজ দিয়ে। তবে সেই সিরিজে ধারণক্ষমতার অর্ধেক দর্শকের মাঠে প্রবেশের অনুমতি ছিল। আনুষ্ঠানিকভাবে আসন্ন টি-২০ সিরিজ দিয়ে তাই শতভাগ দর্শক ফিরছেন মাঠে।

একনজরে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার টি-২০ সিরিজের সূচি

তারিখ - ম্যাচ - ম্যাচ শুরুর সময় - ভেন্যু
৩ মার্চ, ২০২২ - ১ম টি-২০ - দুপুর ৩টা - ঢাকা
৫ মার্চ, ২০২২ - ২য় টি-২০ - দুপুর ৩টা - ঢাকা

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!