ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশের জয়ের অপেক্ষা বাড়াচ্ছে আফগানিস্তান

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৯, ২৫ ফেব্রুয়ারি ২০২২
বাংলাদেশের জয়ের অপেক্ষা বাড়াচ্ছে আফগানিস্তান
ফাইল ছবি

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। সিরিজ নিশ্চিতের ম্যাচে বল হাতেও দাপট দেখাছে টাইগাররা। তবে তামিম ইকবালের দলের বিপক্ষে শেষ লড়াই চালাচ্ছে আফগানরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৩৭ ওভারে ছয় উইকেটে ১৮২ রান। এর আগে ৪ উইকেটে ৩০৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

রান তাড়া করতে নেমে একদম শুরুতেই রান আউট হন এ ম্যাচে দলে সুযোগ পাওয়া রিয়াজ হাসান। আফিফ হোসেনের দুর্দান্ত ডাইরেক্ট থ্রোতে সাজঘরে ফেরার আগে ১ রান করেন তিনি।

Advertisement

আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদীকে ৫ রানের বেশি করতে দেননি শরিফুল ইসলাম। এরপর আজমতুল্লাহ ওমরজাইকে ৯ রানে স্ট্যাম্পিংইয়ের ফাঁদে ফেলেন সাকিব আল হাসান।

মাত্র ৩৪ রানে তিন উইকেট হারানো আফগানিস্তানের হাল ধরেন রহমত শাহ ও নাজিবুল্লাহ জাদরান। দুজনে গড়েন ৮৯ রানের জুটি। দুজনেই পূরণ করেন ফিফটি।

৫২ রানে রহমত আউট হওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি নাজিবও। এই ব্যাটার করেন ৫৪ রান। রহমানুল্লাহ গুরবাজ ৭ রানে আউট হলে ম্যাচের পাল্লা বাংলাদেশের দিকে অনেকটাই ঝুঁকে পড়ে।

তবে এমতাবস্থায় মোহাম্মদ নবী ও রশিদ খান আবারো প্রতিরোধ গড়ে তুলেছেন। দুজনের লড়াইয়ে বলা যায় টাইগারদের জয়ের অপেক্ষাটাই শুধু বাড়ছে। নবী ৩১ ও রশিদ ১২ রানে অপরাজিত আছেন। 

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ইনিংস উদ্বোধনে তার সঙ্গে নামেন লিটন দাস।

তামিম-লিটনের উদ্বোধনী জুটিতে আসে ৩৮ রান। ওভারপ্রতি ঠিক ৬ করে রান আসা জুটিটি ভাঙেন ফকল হক ফারুকি। তার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ১২ রান কর তামিম ইকবাল।

এরপর সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে ৪৫ রানের জুটি গড়েন লিটন। এই দুজনের ব্যাটে যখন ম্যাচে প্রাধান্য বিস্তারের অপেক্ষায় বাংলাদেশ, তখনই আঘাত হানেন রশিদ খান। এই লেগ স্পিনারের বলে এলবিডব্লিউ হন সাকিব। এর আগে টাইগার অলরাউন্ডার করেন ২০ রান। 

এরপর আফগান বোলারদের আর কোনো সুযোগ না দিয়ে দলের ইনিংস এগিয়ে নিতে থাকেন লিটন দাস ও মুশফিকুর রহিম। রশিদ খানকে কভারের ওপর দিয়ে হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ করেন লিটন।

ক্যারিয়ারের পঞ্চম শতক পূরণের পথে লিটন খেললেন ১০৭ বল। শেষ পর্যন্ত ১২৬ বলে ১৩৬ রান করে আউট হন টাইগার ওপেনার। তার ইনিংসে ছিল ১৬টি চার ও দুটি ছক্কা।

লিটন বিদায় নিলে ভাঙে মুশফিকের সঙ্গে তার ২০২ রানের জুটি। সঙ্গীর বিদায়ের পরের বলে সাজঘরে ফেরেন মুশফিকুর রহিমও। তিনি ৯৩ বলে ৮৬ রান করেন। দুজনকেই আউট করেন ফরিদ আহমেদ। 

আফিফ হোসেন ধ্রুব ও মাহমুদউল্লাহ রিয়াদ মিলে ইনিংসের বাকিটা শেষ করেন। এই দুজন অপরাজিত থাকেন যথাক্রমে ১৩ ও ৬ রানে। শেষ পাঁচ ওভারে মাত্র ৩৬ রান সংগ্রহ করতে পারে বাংলাদেশ। আফগানদের হয়ে ফরিদ দুটি এবং ফারুকি ও রশিদ খান একটি করে উইকেট নেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!