ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চাপের মুখে চেলসির ‘দায়িত্ব’ ছাড়লেন আব্রামোভিচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৮, ২৭ ফেব্রুয়ারি ২০২২
চাপের মুখে চেলসির ‘দায়িত্ব’ ছাড়লেন আব্রামোভিচ
আজপালাকুয়েতার সঙ্গে রোমান আব্রামোভিচ

ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে ক্রমেই রুশ ধনকুবের রোমান আব্রামোভিচের ওপর চাপ বাড়ছিল। ইংল্যান্ডের মাটিতে তার ফুটবল ক্লাবের মালিকানা নিয়ে উঠে গিয়েছিল প্রশ্ন। অবশেষে সেই চাপের মুখে হার মানলেন চেলসির মালিক। অবশ্য মালিকানা না ছাড়লেও ক্লাবের ‘দায়িত্ব’ ছেড়েছেন তিনি।

শনিবার রাতে চেলসির অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। সেই বিবৃতিতে জানানো হয়, চেলসির দাতব্য সংস্থার তত্ত্বাবধায়কদের হাতে ক্লাবের রক্ষণাবেক্ষণের দায়িত্ব হস্তান্তর করেছেন আব্রামোভিচ। 

সেই বিবৃতিতে রোমান আব্রামোভিচ বলেন, ‘প্রায় ২০ বছরের মালিকানায় আমি সবসময়ই নিজেকে একজন অভিভাবকের ভূমিকায় দেখেছি। সেই অভিভাবক, যার দায়িত্ব হচ্ছে সাফল্য নিশ্চিত করা, আজ যেমন সফল দল আমরা, তেমন সাফল্য। একই সঙ্গে ভবিষ্যতের জন্য দলকে গড়া আমার লক্ষ্য ছিল।’

Advertisement

তিনি আরো বলেন, ‘সেসব আমাদের পরিমণ্ডলে ইতিবাচক ভূমিকা পালন করেই। আমি সবসময়ই হৃদয়ে ক্লাবের সেরা স্বার্থটাকে সামনে রেখেই সিদ্ধান্তগুলো নিয়েছি। সে কারণেই আমি আজ চেলসির দাতব্য সংস্থার তত্ত্বাবধায়কদের হাতে চেলসি ফুটবল ক্লাবের যত্ন নেয়ার দায়িত্ব হস্তান্তর করছি।’

চেলসির স্বার্থসহ যাবতীয় বিষয় রক্ষণাবেক্ষণের দায়িত্বটা যে ঠিক হাতেই যে তিনি ন্যস্ত করেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই তার। তিনি আরো যোগ করেন, ‘আমি বিশ্বাস করি, তারা এখন ক্লাবের স্বার্থ, খেলোয়াড়, স্টাফ ও ভক্তদের দেখভাল করার জন্য সেরা অবস্থানে আছে।’

এর আগে যুক্তরাজ্যের হাউজ অব কমন্সে লেবার পার্টির সংসদ সদস্য ক্রিস ব্রায়ান্ট তার চেলসির মালিকানা নিয়ে প্রশ্ন তুলে বসেন। ২০১৯ সালের কিছু নথি, যেখানে আব্রামোভিচের ‘ক্ষতিকর কার্যকলাপ’ এর ফিরিস্তি ছিল, তা সামনে আনেন তিনি। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!