ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লুকাকুর একমাত্র গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:০৮, ১০ ফেব্রুয়ারি ২০২২
লুকাকুর একমাত্র গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি
ছবি: সংগৃহীত

চলছে ফিফা ক্লাব বিশ্বকাপ। যেখানে বুধবার (৯ ফেব্রুয়ারি) কাতারের আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে সৌদি আরবের দল আল হিলালকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে চেলসি।

দুই দলের এই লড়াইয়ে কম যায়নি আল হিলালও। সমান তালে লড়েছে তারা। যদিও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি। ম্যাচে জয়-পরাজয়ের পার্থক্য গড়ে দেন ব্লুজদের বেলজিয়ান তারকা রোমেলু লুকাকু।

সেমিফাইনালের শুরুতে অবশ্য প্রভাব বিস্তার করে খেলেছে চেলসি। অধিকাংশ সময় বল ছিল আল হিলালের অর্ধে। ম্যাচের ৩১তম মিনিটের মাথায় আল হিলালের রক্ষণভাগের খেলোয়াড়ের ভুলে বল পেয়ে যান লুকাকু। সেটা থেকে গোল আদায় করে নিতে ভুল করেননি তিনি।

Advertisement

ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে সমতায় ফেরার ভালো সুযোগ পেয়েছিল আল হিলাল। মুসা মারেগার জোরালো শট পা বাড়িয়ে কোনোমতে আটকান চেলসি গোলরক্ষক কেপা আরিজাবালাগা।

৭০ মিনিটে আবার দৃশ্যপটে কেপা। আল হিলালের মুসা মারেগা, ওডিয়ন ইঘালো এবং জ্যাং হিউন যৌথ প্রচেষ্টায় গোলের দারুণ সুযোগ তৈরি হয়েছিল। সুযোগ এসেছিল সমতা ফেরানোর। কিন্তু চেলসির গোলরক্ষকের প্রচেষ্টায় এ যাত্রায়ও রক্ষা পায় চেলসি।

ম্যাচের বাকী সময়ে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

আগামী শনিবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে কোপা লিবার্তোদোরেস জয়ী পালমেইরাসের মুখোমুখি হবে চেলসি। এর আগে ২০১২ সালে একবার ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেনি ব্লুজরা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!