রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ ও ট্রফি-মেডেল তুলে দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও দাবা ফেডারেশনের সভাপতি ড. বেনজীর আহমেদ।
এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাবা ফেডারেশনের সহ-সভাপতি এবং সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন, আবুল খায়ের গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও দাবা ফেডারেশনের সহ-সভাপতি মো. আবু সাঈদ চৌধুরী, সহ-সভাপতি কে এম শহিদুল্যা, দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীমসহ অন্যরাও এ সময় উপস্থিত ছিলেন।
.png)
দাবা ফেডারেশনের সভাপতি ড. বেনজীর আহমেদ বলেন, আমি কিছুটা হতাশ হয়েছি। এবারের প্রিমিয়ার লিগে ৭১জন খেলেছে। তার মধ্যে ২১ জনই বিদেশি। এক তৃতীয়াংশই বিদেশি খেলেছে। আমি চাই আরো বেশি বাংলাদেশি খেলোয়াড়, আমার খেলোয়াড় এখানে খেলুক। কারণ ব্যক্তিগতভাবে আমি খুব অ্যাগ্রিসিভ লোক। যদি আমি লক্ষ্য নির্ধারণ করি তাহলে সেখানে পৌঁছেই ছাড়ব। পথ খুঁজে না পেলে ভেঙে নতুন পথ তৈরি করব। হাত দিয়ে ভাঙতে না পারলে বুলডোজার ব্যবহার করব। আমাদের যেসব ক্লাব আছে, অফিসিয়াল আছেন, খেলোয়াড়-কর্মকর্তা আছেন আমি চাই সবাই অ্যাগ্রিসিভ হবেন।
তিনি আরো যোগ করেন, এবার যে থিমসং তৈরি করা হয়েছে সেটা পছন্দ হয়েছে, তবে ওই লাইনটা পছন্দ হয়নি যে ‘লড়ার জন্য লড়ব, জেতার জন্য লড়ব’। আমাদের জিততেই হবে। হারিজিতি নাহি লাজ এসব চলবে না। লাজ তৈরি করতে হবে। ১৮ কোটি মানুষের দেশ বাংলাদেশ। সমস্ত ইউরোপ একত্র করলে আমাদের সমান হবে না। আমাদের অনেক সম্পদ আছে; সামর্থ্য আছে। হাতির মতো হলে হবে না। হাতির যেমন বিরাট দেহ কিন্তু চোখ ছোট সেটা হলে হবে না। আমরা হাতি হতে চাই না। হাতির চোখ বিশিষ্ট হতে চাই না। আমরা ১৮ কোটি লোকের প্রতিনিধিত্ব করি। আমরা শত শত খেলোয়াড় বের করে নিয়ে আনতে চাই।
প্রিমিয়ার লিগে এবার বাংলাদেশ পুলিশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে শিরোপা জয় অক্ষুন্ন রাখার গৌরব অর্জন করেছে। ১১ খেলায় ২০ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করে দলটি। লিগে এটি বাংলাদেশ পুলিশের হ্যাটট্রিক শিরোপা জয়।
এছাড়া সাইফ স্পোর্টিং ক্লাব রানার্স-আপ ও বাংলাদেশ বিমান তৃতীয় স্থান লাভ করে। সাইফ স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশ বিমান উভয়েই ১১ খেলায় ১৮ পয়েন্ট করে অর্জন করে। সাইফ স্পোর্টিং ক্লাব ৩১ গেম পয়েন্ট নিয়ে রানার্স-আপ ও বাংলাদেশ বিমান ২৮ গেম পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান লাভ করে।
প্রিমিয়ার লিগের পাশাপাশি প্রথম বিভাগ দাবা লিগও অনুষ্ঠিত হয়। যেখানে সুলতানা কামাল স্মৃতি পাঠাগার অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। ১১ খেলায় পূর্ণ ২২ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করে তারা। ১৮ পয়েন্ট নিয়ে পল্লী সঞ্চয় ব্যাংক রানার্স-আপ এবং ১৬ পয়েন্ট নিয়ে ঢাকা চেস ক্লাব তৃতীয় স্থান লাভ করে।