ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সালাহ শ্বেতাঙ্গ নন বলেই...

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:২৩, ২৮ মার্চ ২০২২
সালাহ শ্বেতাঙ্গ নন বলেই...
মোহাম্মদ সালাহ

লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে দলকে একগাদা সাফল্য এনে দিয়েছেন মোহাম্মদ সালাহ। নিজে হয়েছেন প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়। তার চুক্তির বাকি আর এক বছর। এমন সময় এসে নতুন চুক্তি নিয়ে লিভারপুল আর তার মধ্যে রীতিমতো অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

এর মাঝে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক আফ্রিকান তারকা ফুটবলার হাজি দিউফ। তিনি মনে করেন, সালাহর এই পরিস্থিতি হয়েছে শুধুমাত্র গায়ের রঙের কারণে। সালাহ শ্বেতাঙ্গ নন বলেই তাকে বেশি টাকা দিচ্ছে না লিভারপুল, অভিমত তার।

২০১৭ সালে লিভারপুলে যোগ দিয়ে সালাহ ১৫০’রও বেশি গোল করেছেন। তবে এরপরও সালাহ এখানে ন্যায্য অর্থ পাবেন না বলে জানান সাবেক সেনেগাল ফরোয়ার্ড। তিনি বলেন, ‘সালাহকে বুঝতে হবে যে সে একজন আফ্রিকান। ইউরোপিয়ানদের যেভাবে দেখা হয়, তাকে তারা সেভাবে দেখবে না। অন্যদের মতো তাকে তারা সেরা চুক্তিটা দেবে না।’ 

Advertisement

ইংলিশ সংবাদ মাধ্যমে গুঞ্জন, লিভারপুলের কাছে প্রতি মৌসুমে ১ কোটি ৭০ লাখ ইউরো চাইছেন সালাহ। তবে লিভারপুল মোটেও ১ কোটি ইউরোর বেশি দিতে রাজি নয়। এমন পরিস্থিতিতে সালাহর সামনে আছে বেশ শীর্ষ পর্যায়ের কিছু ইউরোপীয় ক্লাবে খেলার সুযোগ। ইউরোপীয় সংবাদ মাধ্যমে গুঞ্জন, তাকে চাইছে বার্সেলোনা। তবে আরো বেশ কিছু বিকল্প আছে লিভারপুলের মিসরীয় তারকার সামনে।

এমন পরিস্থিতিতেও সালাহর লিভারপুল ছাড়া উচিত হবে না বলেই মনে করেন হাজি দিউফ। তিনি বলেন, ‘আমি সালাহ হলে আমি লিভারপুলেই থেকে যেতাম। এখানে সে আরো বেশি অর্থ আয় করতে পারবে। সাদিও মানের মতো সেও ক্লাবের সেরা খেলোয়াড়। তাকে নিয়ে লিভারপুল অনেক শিরোপা জিততে পারবে।’

কেন ক্লাব ছাড়তে না করছেন সালাহকে, সে বিষয়টাও জানিয়ে দিয়েছেন হাজি দিউফ। সাবেক লিভারপুল তারকা বেইন স্পোর্টসকে দেওয়া সেই সাক্ষাৎকারে বলেছেন, ‘তার বয়স ২৯। আমি তাকে বলবো আরও চার মৌসুম লিভারপুলের হয়ে খেলতে। অন্য দলে যোগ দেওয়ার মানে হচ্ছে তাকে আবার নতুন করে সবকিছু শুরু করতে হবে।’ 

তবে তাকে ক্লাবে রাখার ক্ষেত্রে লিভারপুলেরও কিছুটা নমনীয় হওয়ার পরামর্শ দেন তিনি। এখন পর্যন্ত জানা যাচ্ছে, সালাহর চাওয়া বেতনই মূলত প্রতিবন্ধকতা সৃষ্টি করতে তার চুক্তি নবায়নের।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!