ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

একই দলে ভারত-পাকিস্তানের রিজওয়ান ও পূজারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৪০, ১৫ এপ্রিল ২০২২
একই দলে ভারত-পাকিস্তানের রিজওয়ান ও পূজারা
চেতেশ্বর পূজারা এবং মোহাম্মদ রিজওয়ান

চলতি মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপের জন্য ভারতের চেতেশ্বর পূজারা এবং পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে দলে ভিড়িয়েছিল সাসেক্স। কাউন্টি শুরু হয়ে গেলেও একসঙ্গে এই দুই ক্রিকেটারকে মাঠে দেখা যায়নি।

অবশেষে ডার্বিশায়ারের বিপক্ষে একসঙ্গে মাঠে নেমেছেন চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের দুই ক্রিকেটার পূজারা এবং রিজওয়ান। দুইজনেরই এই ম্যাচ দিয়ে সাসেক্সের হয়ে অভিষেক ঘটছে।

পূজারা এর আগে কাউন্টি খেললেও এবারই প্রথম সাসেক্সে ভিড়লেন। অপরদিকে সাসেক্সের মধ্য দিয়ে প্রথমবারের মতো কাউন্টি খেলার সুযোগ পেলেন রিজওয়ান।

Advertisement

এই দুই ক্রিকেটারের মধ্যে পূজারা মৌসুমের বেশিরভাগ সময় ধরে দলটির হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলার পাশাপাশি রয়্যাল লন্ডন ওয়ানডে কাপেও অংশ নেবেন। অপরদিকে জাতীয় দলের কমিটমেন্ট থাকার কারণে রিজওয়ান কেবল কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও টি-২০ ব্লাস্টে অংশ নেবেন।

রিজওয়ান ও পূজারাকে দলে টানতে পেরে ভীষণ খুশি দলটির প্রধান কোচ ইয়ান সালিসবারি। তিনি এই দুই ক্রিকেটারকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘পূজারা এবং রিজওয়ানের মতো ক্রিকেটারকে দলে টানতে পেরে আমি ভীষণ উচ্ছ্বসিত। তারা কেবল ওয়ার্ল্ড-ক্লাস ক্রিকেটারই নয়। তারা মাঠে দলের পারফরম্যান্স বাড়াতে দারুণ সাহায্যও করবে। তাদের মতো ক্রিকেটার দলে এবং ড্রেসিং রুমে থাকা ইতিবাচক।’

এদিকে দুই দেশের এই দুই তারকা একসঙ্গে খেলবেন বলে সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের ভক্তদেরও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। টুইটারে ভারত-পাকিস্তান দুই দেশের ক্রিকেট ভক্তদের বিষয়টি ইতিবাচক চোখে দেখতে দেখা গেছে।

সাসেক্স কাউন্টি এবং টি-২০ ব্লাস্ট মিলিয়ে নিজেদের সর্বশেষ ছয় ম্যাচে কোনো জয় দেখেনি। রিজওয়ান-পূজারা ডুয়ো জয়খরা কাটাতে পারে কি না, তাই এখন দেখার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!