বাবর হচ্ছে এ যুগের ব্র্যাডম্যান ও লারা: রশিদ লতিফ
পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফের মতে, পাকিস্তানের বর্তমান অধিনায়ক বাবর আজম ডন ব্র্যাডম্যান বা ব্রায়ান লারার সমতুল্য। দ্বিধাহীনভাবে বাবরকেই বর্তমান যুগের সেরা ক্রিকেটার বলে মনে করেন তিনি।
৫৩ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার বাবরকে পাকিস্তানের কিংবদন্তি খেলোয়াড়দের থেকে যেমন জাভেদ মিয়াদাদ, ওয়াসিম আকরাম, ইনজামাম উল হকের চেয়েও এগিয়ে রেখেছেন।
রশিদ লতিফ বলেন, ‘২০১৯ সালে আমি টুইট করেছিলাম, যখন দল ইংল্যান্ড সফরে ছিল। তখন আমি যাদের সাথে খেলেছিলাম সবার নাম লিখেছিলাম- জাভেদ মিয়াদাদ, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, ইনজামাম উল হক, মোহাম্মদ ইউসুফ, ইউনিস খান, সাকলাইন মুশতাক। তবে বাবর তাদের সবার চেয়ে এগিয়ে আছে।’
.png)
তিনি আরো বলেন, ‘আমি অনেক আগের কথা বলছি। এরপর সে অনেক বড় খেলোয়াড়ে পরিণত হয়েছে। আমরা তুলনা করতে পারি না, কারণ এখানে শুধু বাবরকে নিয়েই বলছি তা না। বিরাট কোহলি, রোহিত শর্মা, কেন উইলিয়ামসন- প্রত্যেকেই ১০ ফিল্ডারের মধ্যে দাঁড়িয়ে ব্যাটিং করে।’
এরপর রশিদ বলেন, ‘এখন বৃত্তের মধ্যে পাঁচ ফিল্ডার থাকে, তখন থাকত চারজন। এক ফিল্ডার বাইরে থাকলে সাঈদ আনোয়ার বা ইনজামাম বোলারদের খেয়ে ফেলতেন। তারা তাদের যুগের সেরা ছিলেন। তবে বাবর এই যুগের ব্র্যাডম্যান ও লারা। এটাই মূল কথা।’
তবে রশিদ মনে করেন, বাবরের চেয়েও এগিয়ে পাকিস্তানের সাবেক কিংবদন্তি সাঈদ আনোয়ার। তিনি বলেন, ‘সাঈদের মত ব্যাটার আর আসেনি। পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটার সে। একজন কারিশমাটিক খেলোয়াড় ছিলেন। অনুশীলন করতেন কালেভদ্রে। তাই তার সাথে তুলনা করা ঠিক হবে না।’