বার্সার হারে শিরোপার নিকটে রিয়াল
ঘরের মাঠে বার বার শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কাঙ্ক্ষিত গোলের দেখা পেল না বার্সেলোনা। অন্যদিকে চাপের মাঝেও গোল আদায় করে নিল রায়ো ভায়োকানো। এতে কাতালান দলটির মাঠে দারুণ এক জয় তুলে নিয়েছে তারা।
রোববার রাতে ক্যাম্প ন্যুয়ে লা লিগার ম্যাচে ১-০ গোলে হেরেছে জাভি হার্নান্দেজের দল। এতে লিগ শিরোপা জয়ের আরো কাছে পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ। মুকুট পুনরুদ্ধার করতে বাকি পাঁচ ম্যাচে কার্লো আনচেলত্তির দলের চাই মাত্র ১ পয়েন্ট। ৩৩ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে মাদ্রিদের দলটি। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা।
ম্যাচের সপ্তম মিনিটেই স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে এগিয়ে যায় ভায়োকানো। সতীর্থের লম্বা করে বাড়ানো বল ডি-বক্সের সামনে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ভেতরে ঢুকে পড়েন আলভারো গার্সিয়া। এরপর ডান পায়ের শটে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।
.png)
গোল খেয়ে প্রতিপক্ষের ওপর চাপ বাড়ায় স্বাগতিকরা। পঞ্চদশ মিনিটে ডি-বক্সে জটলার মধ্যে থেকে রোনাল্ড আরাউহোর শট ঠেকাতে কোনো সমস্যা হয়নি সফরকারী গোলরক্ষকের। ২৬তম মিনিটে ২৫ গজ দূর থেকে জর্দি আলবার শট লক্ষ্যে থাকেনি।
একটু পর প্রতিপক্ষের চ্যালেঞ্জে ডি-বক্সে গাভি পড়ে গেলে পেনাল্টির আবেদন করে বার্সেলোনার খেলোয়াড়রা। যদিও পরে অফসাইডের বাঁশি বাজান রেফারি। সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে হলুদ কার্ড দেখেন কোচ জাভি।
বিরতির আগে ডি-বক্সের ভেতর থেকে গাভির দারুণ শট ক্রসবারে লাগে। ফিরতি বল ফেররান তরেস জালে পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি।
প্রথমার্ধে গোলের জন্য আটটি শট নিয়ে কেবল একটি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা। ভায়োকানোর স্রেফ একটি শটেই মেলে সাফল্য।
৫৮তম মিনিটে আরেকটি হাফ চান্স পান আলবা। উসমান দেম্বেলের পাসে ডি-বক্সের বাইরে থেকে স্প্যানিশ ডিফেন্ডারের জোরাল শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গা ছুঁয়ে ক্রসবারের ওপর দিয়ে যায়।
দ্বিতীয়ার্ধে বদলি নামা মেমফিস ডিপাইয়ের ৬৯তম মিনিটের প্রচেষ্টা ডি-বক্সে প্রতিপক্ষ ডিফেন্ডারের পা ছুঁয়ে হাতে লাগলে পেনাল্টির আবেদন করে বার্সেলোনার খেলোয়াড়রা। তবে রেফারির সাড়া মেলেনি।
নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে গাভিকে ডি-বক্সে ভায়োকানোর ডিফেন্ডার কাতেনা ধাক্কা দিয়ে ফেলে দিলে আবারও পেনাল্টির আবেদন করে স্বাগতিকরা। এবার অফসাইডের বাঁশি বাজান রেফারি।
১১ মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটে কাছ থেকে আদামা ত্রাওরের প্রচেষ্টা কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক দিমিত্রিয়েভস্কি। দশম মিনিটে গার্সিয়ার শট পোস্টে লাগায় ব্যবধান দ্বিগুণ হয়নি।
ওই ১১ মিনিট পেরিয়ে যাওয়ার পর একটি ফ্রি-কিক পায় বার্সেলোনা। মেমফিসের শট ক্লিয়ার করতে পোস্ট ছেড়ে বেরিয়ে এসে বলের নাগাল পাননি গোলরক্ষক। দেম্বেলের ভলি গোললাইন থেকে ফেরান ডিফেন্ডার কাতেনা। হারের হতাশায় মাঠ ছাড়ে জাভির দল।
এই হারে শীর্ষ চারে অবস্থান শক্ত করার সুযোগও হারাল বার্সেলোনা। ৩৩ ম্যাচে তাদের সমান ৬৩ পয়েন্ট নিয়ে তিনে আছে সেভিয়া। ৬১ পয়েন্ট নিয়ে চারে গত আসরের চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ।