ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কী কথা হয়েছিল মেসির সঙ্গে ইয়ামালের

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:১৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬
কী কথা হয়েছিল মেসির সঙ্গে ইয়ামালের
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা একদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অন্যদিকে, ইউরো-বিশ্বকাপ-ইউরোজয়ী স্পেন। এ যেন স্বপ্নের এক ফাইনাল। সেই ফাইনালে আলবিসেলেস্তেদের হারিয়ে দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপ পুনরুদ্ধার করে লা রোজারা। গত ১৯ জুলাই নিউজার্সির ফাইনাল শেষে একে অপরকে জড়িয়ে ধরেছিলেন দুই দলের দুই সেরা তারকা। যার মধ্যে একজনের শেষ, অপরজনের কেবল শুরু। গল্পের দুই চরিত্র যে লামিন ইয়ামাল ও লিওনেল মেসি, সেটা হয়তো অনেকে ধরতে পেরেছেন। সেসময় দুই তারকার কী কথাবার্তা হয়েছিল, দুই মাস পর অবশেষে সেটা জানা গেল।

মেসির জন্য ১৯ জুলাই নিউজার্সি স্টেডিয়াম ছিল টানা দুইবার বিশ্বকাপ জয়ের মঞ্চ। আর ইয়ামালের কাছে সেটা প্রথমবারেই বাজিমাত করার সুযোগ। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে সেদিন হেসেছিলেন ইয়ামাল। মেসি কাঁদছিলেন অঝোরে। ম্যাচ শেষে মেসিকে জড়িয়ে ধরেছিলেন ইয়ামাল। আর্জেন্টাইন তারকার সঙ্গে কী কথা হয়েছিল, ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ানকে’ দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন ইয়ামাল। ১৯ বছর বয়সী ফরোয়ার্ড বলেন, ‘ফুটবলের জন্য আপনি (মেসি) যা কিছু করেছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।’

কাতারে ২০২২ ফুটবল বিশ্বকাপ জিতে আজন্মলালিত স্বপ্নপূরণ করেন মেসি। এছাড়াও ২০২১ কোপা আমেরিকা, ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা- আর্জেন্টিনার জার্সিতে এই চার শিরোপা জেতেন মেসি। শিরোপা ও গোলে একের পর এক রেকর্ড গড়ে রেকর্ডের বরপুত্র উপাধি পেয়েছেন তিনি। মেসিকে প্রশংসায় ভাসিয়ে গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, ‘বিশ্বকাপ জেতার আগে, কোপা আমেরিকা জেতার আগে, এমনকি যখন পরিস্থিতি খুব একটা ভালো যাচ্ছিল না তখনও আমি সবসময় মনে করতাম যে তিনিই সেরা। নিঃসন্দেহে তিনিই সেরা ছিলেন।’

Advertisement

আর্জেন্টিনা-স্পেন ফাইনালের আগে থেকেই সেটাকে অনেকে দেখছিলেন মেসি-ইয়ামাল ফাইনাল। হবে না-ই বা কেন! মেসি বিশ্বকাপ, কোপা আমেরিকা জিতে সর্বকালের সেরা ফুটবলার হয়ে উঠেছেন। ইয়ামাল ১৯ বছর বয়সেই ইউরো, লা লিগা, স্প্যানিশ সুপার কাপ জিতে ফুটবল বিশ্বকে বার্তা দিয়ে রেখেছেন। শেষ পর্যন্ত ইয়ামাল জিতলেন বিশ্বকাপও।

ফাইনালের মতো মঞ্চে মেসিকে দেখে তার সঙ্গে আলিঙ্গন করার সুযোগ হাতছাড়া করলেন না ইয়ামাল। সেদিনের ঘটনা সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে ইয়ামাল বলেন, ‘ফুটবলে যেটাকে সুন্দর বলে মনে করা হয় কিংবা ছবিতে যেসব মুহূর্ত দেখতে ভালো লাগে- সব সময় সেসব থেকে আমি একটু দূরে থাকার চেষ্টা করি। এটা আমার ভেতর থেকেই এসেছিল। আমি তাকে (মেসি) সেখানে দেখলাম। ফুটবলের জন্য তিনি যা করেছেন, সেটার জন্য তাকে ধন্যবাদ জানাতে গেলাম। ব্যাপারটা একেবারেই স্বতঃস্ফূর্ত ছিল।’

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!