সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, ৪ জেলে কারাগারে
সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে দায়ের করা মামলায় চার জেলেকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।
এর আগে সোমবার সকালে খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের আওতাধীন মারকি খাল এলাকায় অভিযান চালিয়ে বিষ দিয়ে মাছ শিকারের সময় ওই চার জেলেকে আটক করেন বন বিভাগের সদস্যরা।
আটকরা হলেন রফিকুল ইসলাম (৫২), আয়ুব আলী গাজী (৫৫), দিদারুল গাজী (৩০) ও হামিদ গাজী।
.png)
নলিয়ান ফরেস্ট স্টেশন কর্মকর্তা আল আমিন হোসেন জানান, অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি নৌকা, অবৈধ ভেশাল জাল, নিষিদ্ধ কীটনাশক এবং বিষ প্রয়োগে ধরা বিপুল পরিমাণ চিংড়ি মাছ উদ্ধার করা হয়।
পরে আটক চারজনের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়। মামলার পর তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান বলেন, সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় বিষ প্রয়োগসহ এ ধরনের অপরাধের বিরুদ্ধে বন বিভাগের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।