৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে রিয়ালকে হারালো ম্যানসিটি
উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল প্রথম লেগে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার দিবাগত রাতে ইতিহাদ স্টেডিয়ামে ৭ গোলের ম্যাচে তারা ৪-৩ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে।
ম্যানসিটির হয়ে কেভিন ডি ব্রুইন, গ্যাব্রিয়েল জেসুস, ফিল ফোডেন ও বানার্ডো সিলভা গোল করেন। রিয়ালের হয়ে করিম বেনজেমা ২টি ও ভিনিসিউস জুনিয়র একটি গোল করেন।

.png)
এদিন ম্যাচের দুই মিনিটে রিয়াল মাদ্রিদ কিছু বুঝে ওঠার আগেই গোল করেন কেভিন ডি ব্রুইনি। তাকে দুর্দান্ত এক ক্রস দেন রিয়াদ মাহরেজ। মাথা ছুঁইয়েই জালে বল জড়ান ম্যানসিটির বেলজিয়াম মিডফিল্ডার। এরপর ১১ মিনিটে গ্যাব্রিয়েল জেসুস দলের লিড ২-০ করে নেন। ব্রুইনির দেওয়া জোরের ওপর বল জেসুস দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে এবং রিয়াল ডিফেন্ডার ডেভিড আলাবাকে বোকা বানিয়ে জালে জড়িয়ে দেন তিনি।

প্রথমার্ধেই এক গোল করে লড়াই জমিয়ে তোলেন করিম বেনজেমা। ম্যাচের ৩৩ মিনিটে গোল করেন ফ্রান্সম্যান। ফারল্যান্ড মেন্ডির ক্রসে পা ছুঁইয়ে দারুণ এক গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধে আবার গোল করে বড় জয়ের সম্ভাবনা জাগায় ম্যানসিটি। গোল করেন ফিল ফোডেন। ফার্নানদিনহোর দেওয়া বলে হেড করেন এই ইংলিশ তরুণ তারকা।

রিয়াল মাদ্রিদ আবার ম্যাচে ফেরে। তৃতীয় গোল খাওয়ার দুই মিনিট পরেই গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের ৫৫ মিনিটে ম্যাচের সেরা গোলটি করেন তিনি। ফার্নানদিনহোকে ডজ দিয়ে নিজেদের অর্ধের শেষে পাওয়া বল দুর্দান্ত গতিতে ডিফেন্ডারদের পরাস্ত করে গোল করেন ভিনি। ব্যবধান ৩-২ করে ফেলেন।

ম্যাচের ৭৪ মিনিটে গোল করেন বেনার্ড সিলভা। বক্সের মুখে ফাউলের সম্ভাবনা হওয়ায় রিয়াল ফুটবলাররা গা ছাড়া দেন। গোলরক্ষক থিবো কর্তোয়াও গা ছাড়া দেন। সুযোগ নিয়ে শট নিয়ে গোল করেন সিলভা। ৮২ মিনিটে বেনজেমা পেনাল্টি থেকে গোল করে আবার হারের ব্যবধান কমান।