এবারের আইপিএলে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বাটলার। ৩টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ৮ ম্যাচে ৪৯৯ রান করেছেন তিনি। এখন অবধি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক বাটলার।
বাটলারের এমন ব্যাটিং মুশতাক পরামর্শ টনিক হিসেবে কাজ করেছে। সেটি সম্প্রতি অকপটে স্বীকার করেছেন মুশতাক। বাটলার যে তাকে মনে রেখেছে এজন্য ধন্যবাদ জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক স্পিন বোলিং কোচ মুশতাক।
.png)
বাটলারের মন্তব্য শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন মুশতাক। ক্রিকেট পাকিস্তানের দেয়া এক ভিডিও বার্তায় মুশতাক বলেন, বাটলার একটি সাক্ষাৎকারে আমার নাম উল্লেখ করেছে এজন্য আমি কৃতজ্ঞ। আমি ছয় বছর ধরে এই ক্রিকেট দলকে কোচিং করিয়েছি। বাটলার এখনও এটি মনে রেখেছেন। এজন্য আমি কৃতজ্ঞ।
২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত ইংল্যান্ড ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ ছিলেন মুশতাক। এসময় ইংল্যান্ডের অনেক ক্রিকেটারকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন তিনি।
মুশতাক বলেন, আমরা বাটলারের সাথে টেকনিক্যাল কাজ করেছি এবং এরপর খেলোয়াড়দের কঠোর পরিশ্রম করতে হবে। আমি বাটলারের সাথে কথা বলেছি এবং আমাকে মনে রাখার জন্য ধন্যবাদ দিয়েছি। আপনি যখন কারও সাথে কাজ করবেন, তখন সেটি আনন্দ দেয় এবং তারা আপনার কাজের প্রশংসা করে।
ক্রিকেট পাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে মুশতাককে নিয়ে বাটলার বলেছিলেন, মুশতাক আমাকে সবসময় বলতেন, প্রথমে অফ-সাইডে খেলবে এবং এরপর ধীরে-ধীরে লেগ সাইডে খেলবে। তুমি যদি সবসময় লেগ-সাইডে খেলার চিন্তা করো, তবে কখনও অফ-সাইডের বল খেলতে পারবে না।
ক্রিকেট ক্যারিয়ারে ১৯৮৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলেছেন মুশতাক। ১৩ বছরের ক্যারিয়ারে ৫২টি টেস্ট ও ১৪৪টি ওয়ানডে খেলেছেন তিনি। টেস্টে ১৮৫ ও ওয়ানডেতে ১৬১ উইকেট নিয়েছেন ৫১ বছর বয়সী মুশতাক।