পুরুষ ও নারী ফুটবলারদের একই স্কেলে বেতন দিচ্ছে যুক্তরাষ্ট্র
ঐতিহাসিক এক সিদ্ধান্ত নিয়ে ফুটবল বিশ্বে নজির স্থাপন করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সকার ফেডারেশন (ইউএসএসএফ), যুক্তরাষ্ট্র উইমেন্স ন্যাশনাল টিম প্লেয়ার্স এসোসিয়েশন (ইউএসডব্লিউটিপিএ) ও যুক্তরাষ্ট্র ন্যাশনাল সকার টিম প্লেয়ার্স এসোসিয়েশন (ইউএসএনএসটিপিএ) বুধবার এই ঐতিহাসিক সমঝোতায় পেঁৗছেছে।
এখন থেকে পুরুষদের পাশাপাশি সবক্ষেত্রে সমান অধিকার পাবে যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দল। তাদের বেতন কাঠামো থেকে শুরু করে বিশ্বকাপসহ সব ধরনের প্রতিযোগিতায় ম্যাচ ফি, বোনাসসহ আনুষাঙ্গিক অর্জিত অর্থের পরিমান সমান হবে। আন্তর্জাতিক ফুটবলে এমন নজির বিরল।
চুক্তিতে আরো নিশ্চিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দল বরাবরের মতই বিশ্বের সবচেয়ে বেশী পারিশ্রমিক পাওয়া দল হিসেবেই বিবেচিত হবে।
.png)
এর মাধ্যমে বিশ্বের প্রথম ফেডারেশন হিসেবে পুরুষ ও নারী দলকে তাদের নিজ নিজ বিশ্বকাপে অংশগ্রহণের জন্য সমান সুযোগ সুবিধা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। একইসাথে ক্লাব ও জাতীয় পর্যায়ে খেলোয়াড়দের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টিও জোড়দার করা হয়েছে।
এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ফুটবল প্রধান সিন্ডি পারলো কোনে বলেছেন, ‘এটা একটি ঐতিহাসিক মুহূর্ত। এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফুটবলের চেহারা আমুল পাল্টে যাবে। একইসাথে বিশ্বের অন্যান্য দেশের সাথে পাল্লা দিয়ে এখানকার ফুটবলও এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।’