ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এক বছরের জন্য ছিটকে গেলেন আর্চার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:২২, ২০ মে ২০২২
এক বছরের জন্য ছিটকে গেলেন আর্চার
জোফরা আর্চার

আবারো ইনজুরিতে পড়েছেন ইংলিশ ফাস্ট বোলার জোফরা আর্চার। এবার পিঠের নিচের অংশে চোট পাওয়ায় পুরো মৌসুমের জন্যই ছিটকে গেলেন এই গতি তারকা।

২৭ বছর বয়সী এই ডানহাতি পেসার গত জুলাই থেকেই মাঠের বাইরে। এরই মধ্যে তার দুইবার কনুইয়ের অস্ত্রোপচার করাতে হয়েছে। চোট কাটিয়ে সম্প্রতি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ মাসেই তার ঘরোয়া ক্রিকেটে খেলার কথা ছিল।

কিন্তু গত সপ্তাহে পিঠে চোট পাওয়ার পর থেকে চিকিৎসকের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি। এবারের ইনজুরিতে আর্চারের অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ খেলার স্বপ্নও প্রায় শেষ হয়ে গেল।

Advertisement

কবে আর্চার মাঠে ফিরতে পারবেন, তার কোনো নিশ্চয়তা নেই। সবমিলিয়ে তাকে প্রায় ১ বছরের মতো মাঠের বাইরে কাটাতে হতে পারে। ইংলিশদের জার্সিতে ১৩ টেস্ট, ১৭ ওয়ানডে ও ১২ টি-২০ ম্যাচ খেলে সর্বমোট ৮০টি উইকেট নিয়েছেন তিনি।

ফ্র্যাঞ্চাইজি লিগেও আর্চারের ক্যারিয়ার বেশ সাফল্যমণ্ডিত। ২০২০ আইপিএলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি।

শুধু আর্চার একাই নন, ইংল্যান্ড দলের আরও ছয় পেসার এরই মধ্যে কিউইদের বিপক্ষে আসন্ন সিরিজ থেকে ছিটকে গেছেন। এই ছয়জনের মধ্যে চার জন- স্যাম কারান, ওলি স্টোন, ম্যাট ফিশার এবং সাকিব মাহমুদও পিঠের ইনজুরিতে ভুগছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!