ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

মুমিনুলের বিরতি প্রসঙ্গে যা বললেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৮, ২০ জুন ২০২২
মুমিনুলের বিরতি প্রসঙ্গে যা বললেন সাকিব
ছবি: সংগৃহীত

রান খরায় ভুগে অধিনায়কত্বই ছেড়ে দিয়েছিলেন মুমিনুল হক। তবুও মিলেনি মুমিনুলের সেই সোনার হরিণ রান! শূন্য আর চারের বৃত্তে ঘুরপাক খাচ্ছেন তিনি।

টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছিলেন, দলের ব্যর্থতা নিয়ে দুশ্চিন্তায় ভোগেন বলেই মুমিনুলের ব্যাটিংয়ে পড়ছে প্রভাব। কিন্তু সেই চাপ সাকিবের ঘাড়ে চাপিয়ে ওয়েস্ট ইন্ডিজে গিয়েও ব্যাটিং দৈন্যতা থেকে মুক্তি পেলেন না তিনি। 

উইন্ডিজ একাদশের বিপক্ষে দুই ইনিংসে করলেন ০ ও ৪ রান। দেশটির জাতীয় দলের বিপক্ষেও তার রান ০ ও ৪।  পরিসংখ্যান বলছে, টানা ৯ ইনিংসে দশের নিচে আউট মুমিনুল। এর মধ্যে আবার চারটিতে রানের খাতাই খুলতে পারেননি।

এবার আলোচনায় এসেছে, নেতৃত্ব নয়, মুমিনুলকে আপাতত বিশ্রামে পাঠালে কেমন হয়! হয়তো বিশ্রাম কাটিয়ে নিজেকে ফিরে পাবেন লাল বলের সাবেক অধিনায়ক।

প্রশ্নটা বরবারই ছুড়ে দেওয়া হলো বর্তমান অধিনায়ক সাকিব আল হাসানের দিকে। সোজা ভাষায় না বলে বিষয়টি মুমিনুলের ওপরই ছেড়ে দিলেন সাকিব। জানালেন, মুমিনুল যদি নিজে বিরতি চায় তবে নিতে পারে। যদিও এ ধরনের সিদ্ধান্ত নেয়ার আগে সময় নেয়া উচিত বলে মনে করেন সাকিব। 

বাংলাদেশ দলের অধিনায়ক বললেন, এটা আমার পক্ষে বলা মুশকিল। যেটি হচ্ছে- ওর সঙ্গে সব সময় কথা হয়। আবারও কথা হবে। ও যদি মনে করে ওর ব্রেক দরকার আছে, সেটা হতে পারে। এখন আসলে একটা ম্যাচ শেষ হওয়ার পর পরই কোনো সিদ্ধান্ত নেয়াটা বা চিন্তা করাটা ভালো কিছু না। পরের দুদিন আমাদের বিরতি আছে। এরপর যখন সেন্ট লুসিয়াতে অনুশীলন করব, ঐ দিনই চিন্তা করব, আমাদের দলের জন্য কোনটা ভালো হতে পারে। মুমিনুল বিরতি চাইলে সেটি হতে পারে। 

ক্যারিয়ারের শুরুতে মাত্র ২৪ টেস্টে ৪ সেঞ্চুরি আর ১২ ফিফটি হাঁকান মুমিনুল। টেস্ট ইতিহাসের প্রথম ২৪ ইনিংসে সব থেকে বেশি ৫০+ রান করার দিক থেকে ডন ব্রাডম্যানের পাশে নাম লেখান তিনি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!