ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হারে সিরিজ শেষ শ্রীলংকার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:১৩, ২৫ জুন ২০২২
হারে সিরিজ শেষ শ্রীলংকার
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগেই ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছিলো স্বাগতিক শ্রীলংকা। ৩০ বছর পর ঘরের মাঠে অজিদের বিপক্ষে ঐতিহাসিক সিরিজের শেষটা ভালো হলো না লংকানদের।

সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে ৪ উইকেটে হেরেছে শ্রীলংকা। ফলে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিক লংকানরা।

গতরাতে কলম্বোতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলংকা। অস্ট্রেলিয়ার বোলারদের সামনে টপ অর্ডার মেলে ধরতে না পারায় এক পর্যায়ে ৮৫ রানেই ৮ উইকেট হারায় স্বাগতিকরা। তবে আট নম্বরে নামা বোলার চামিকা করুনারত্নের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরিতে ১৬০ রানের সম্মানজনক স্কোর পায় শ্রীলংকা। ৪৩ দশমিক ১ ওভারে অলআউট হয় তারা।

Advertisement

৮টি চার ও ২টি ছক্কায় ৭৫ বলে ৭৫ রান করেন করুনারত্নে। অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড-ম্যাথু কুনেমান ও প্যাট কামিন্স ২টি করে উইকেট নেন।

১৬১ রানের সহজ টার্গেটে ছুটতে গিয়ে শুরুতে বেগ পেতে হয় অস্ট্রেলিয়াকেও। ১৯ রানে তৃতীয়  ও ৫০ রানে চতুর্থ উইকেট হারায় তারা। তবে মিডল-অডার্র ব্যাটারদের দৃঢ়তায় ৬৩ বল বাকী রেখেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। মার্নাস লাবুশেন ৩১, উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি ৪৫ ও ক্যামেরুন গ্রিন  ২৫ রানে অপরাজিত থেকে  দলের জয় নিশ্চিত করেন।

বল হাতে শ্রীলংকার দুনিথ ওয়েলালাগে ৩টি উইকেট নেন।

টি-২০ ও ওয়ানডে শেষে এবার দুই ম্যাচের টেস্ট খেলবে অস্ট্রেলিয়া ও শ্রীলংকা। গল-এ আগামী ২৯ জুন থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

এর আগে ওয়ানডে হারলেও টি-২০ সিরিজ জিতেছিলো অস্ট্রেলিয়া।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!