ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চলতি বছর প্রথম ক্রিকেটার হিসেবে হাজার রান করলেন লিটন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৮, ২৫ জুন ২০২২
চলতি বছর প্রথম ক্রিকেটার হিসেবে হাজার রান করলেন লিটন
লিটন দাস

সবশেষ বছরে সাদা পোশাকে ছন্দে ছিলেন লিটন দাস। তবে রঙিন পোশাকে ছিলেন বিবর্ণ। অবশ্য চলতি বছরে কোনো ফরম্যাটেই থামছেন না তিনি। সাদা ও লাল বলের ক্রিকেটে সমানতালে রান করে চলেছেন এই উইকেটকিপার ব্যাটার।

তারই ধারাবাহিকতায় ২০২২ সালের প্রথম ক্রিকেটার হিসেবে এক হাজার রান করেছেন লিটন। শুক্রবার উইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়া টেস্টে এই কীর্তি গড়েন তিনি।

এই মাইলফলক ছুঁতে অবশ্য লিটনকে খুব একটা বেগ পেতে হয়নি। ৯৯৬ রান নিয়ে শুরু করেছিলেন সেন্ট লুসিয়া টেস্ট। এনামুল হক বিজয়ের বিদায়ে এসেছিলেন ক্রিজে। পরের ওভারে সঙ্গী নাজমুল হোসেন শান্তকে ফিরে যেতে দেখেন তিনি।

Advertisement

তবে লিটন এসবে বিচলিত হলেন না মোটেও। অ্যান্ডারসন ফিলিপসের করা পরের ওভারেই রানের খাতা খোলেন দর্শনীয় এক চারে। ফিলিপসের ব্যাক অফ দ্য লেন্থের বলটা ব্যাটের ফেস খুলে পয়েন্ট অঞ্চল দিয়ে পাঠিয়ে দেন সীমানার বাইরে। মাইলফলকটা ছুঁয়ে ফেলেন তাতেই।

সেখানেই অবশ্য থামেননি। ওপাশ থেকে সাকিব আল হাসান, নুরুল হাসান, মেহেদি হাসান মিরাজদের বিদায় নিতে দেখেছেন একে একে। তাতে ইনিংস গড়ার দায়িত্বটা এসে পড়ে তার কাঁধেই। সে দায়িত্বের পুরোটা পালন করা হয়নি অবশ্য। ৭০ বলে খেলেছেন ৫৩ রানের ইনিংস। তাতে বাংলাদেশ পেয়েছে ২০০ পেরোনোর দিশা।

এই ইনিংসের পর লিটনের রানসংখ্যা দাঁড়াল ১০৪৯। এই মাইলফলক ছুঁতে তার লেগেছে ২০ ইনিংস। ৪৯.৯৫ গড়ে এই রান করেছেন লিটন। গত রাতের এই ইনিংস শেষে তার ফিফটি দাঁড়াল ৬টি, পাশাপাশি সেঞ্চুরিও আছে ৩টি। গেল সিরিজে শ্রীলংকার বিপক্ষে খেলেছেন ১৪১ রানের ইনিংস, এখন পর্যন্ত সেটাই হয়ে আছে তার সর্বোচ্চ।

চলতি বছর লিটনের হাজার রানের ৩৩৬ রান এসেছে ওয়ানডে আর ৭৩ রান এসেছে টি-২০ থেকে। ৬ ওয়ানডেতে খেলে ৫৬ গড়ে একটি সেঞ্চুরি ও দুইটি ফিফটি তুলে নিয়েছেন তিনি। আর টি-২০তে খেলেছেন ২ ইনিংস। এখানেও ফিফটি আছে একটি।

বাকি ৬৪০ রান এসেছে টেস্টে। যার ফলে এই বছর টেস্টে সর্বোচ্চ রানের তালিকায় তিনি আছেন চতুর্থ অবস্থানে। তার ওপর আছেন উসমান খাজা (৭৫১ রান), জনি বেয়ারেস্টো (৬৭১ রান) এবং জো রুট (৬৬৮ রান)।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!