ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

মোহনবাগানে খেলতে আসছেন পগবা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:০৩, ২৫ জুন ২০২২
মোহনবাগানে খেলতে আসছেন পগবা
ভাই পল পগবার সঙ্গে ফ্লোরেন্তিনো পগবা

ফ্রান্সের প্রথম ডিভিশনের ক্লাব সেইন্ট এতিয়েন বিষয়টি জানিয়েছিল শুক্রবার রাতেই। এরপর শনিবার সকালে ভারতীয় ক্লাব এটিকে মোহনবাগানও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, পল পগবার ভাই ফ্লোরেন্তিনো পগবাকে দলে ভিড়িয়েছে তারা।

ফ্রান্সের দ্বিতীয় ডিভিশনের ক্লাব সোশো থেকে মোহনবাগানে যোগ দিচ্ছেন পগবা। আমেরিকা এবং ইউরোপের অন্যান্য ক্লাবেও খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ভারতীয় ক্লাবে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত ফ্লোরেন্তিনো পগবা।

এটিকে মোহনবাগানের মিডিয়া টিমকে দেওয়া এক সাক্ষাৎকারে পগবা জানিয়েছেন, আইএসএল সম্পর্কে তার বিশেষ কোনো ধারণা নেই। এই প্রতিযোগিতায় খেলে যাওয়া নিকোলাস আনেলকা এবং রবার্ট পিরেসের থেকে প্রশংসা শুনেই খেলতে আসছেন তিনি।

পগবা জানেন এখানকার ফুটবল কতটা জনপ্রিয়। সেই প্রসঙ্গে তিনি বলেছেন, নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে ভারতে খেলতে আসছি। নতুন দেশ, নতুন প্রতিযোগিতা এবং অনেকগুলো নতুন ক্লাব। এশিয়ার ঐতিহ্যশালী এবং অন্যতম সেরা ক্লাবের হয়ে মাঠে নামব, এটা ভেবে গর্বিত।

তিনি আরো বলেন, এই জার্সির ঐতিহ্য আলাদা। অপেক্ষায় রয়েছি কবে সবুজ-মেরুন জার্সি পরে নামতে পারব। সদস্য-সমর্থকরা যেকোনো ক্লাবের হৃৎপিণ্ড। ভরা গ্যালারিতে খেলতে বরাবরই ভালবাসি। সেটা এখানেও পাব ভেবে ভাল লাগছে। সবুজ-মেরুন সমর্থকদের সামনে খেলতে নামব ভেবে উত্তেজিত।

সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়ে পগবা বলেছেন, নিজেকে মেরিনার্স ভেবে গর্বিত বোধ করছি। আশা করছি ট্রফি জিতিয়ে সমর্থকদের আনন্দ দেব। সতীর্থদের কাঁধে কাঁধ মিলিয়ে দলকে ট্রফি জেতাতে চাই।

পগবা সম্পর্কে কোচ জুয়ান ফেরান্দো বলেছেন, পগবা ডিফেন্ডার হলেও নিজের জায়গা থেকে বেরিয়ে এসে দলকে সাহায্য করার চেষ্টা করে। রক্ষণ থেকে আক্রমণ তৈরি করতে পারে। ফরোয়ার্ডদের গোল করার জন্য পাস দিতে পারে। প্রতিপক্ষের আক্রমণ বুঝে নিয়ে তাদের আটকাতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!