তবে রেকর্ডটি না হলেই হয়তো বেশি খুশি হতেন তিনি। কারণ রেকর্ডটি যে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে লম্বা বিরতির পর টি-২০ দলে ফেরার।
বৃষ্টির কারণে বাংলাদেশ দল ১৩ ওভার ব্যাটিং করতেই পরিত্যক্ত হয়ে যায় ম্যাচ। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের এই প্রথম ম্যাচে নিজের ব্যাটিং পুরোটাই করেছেন বাংলাদেশ দলের ওপেনার এনামুল হক বিজয়।
.png)
সবশেষ ২০১৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক টি-২০ খেলেছিলেন ২৯ বছর বয়সী এ ডানহাতি ব্যাটার। প্রায় সাড়ে ৭ বছর পর টি-২০ একাদশে ঢুকেছেন তিনি। মাঝে বাংলাদেশ খেলে ফেলেছে ৭৯টি ম্যাচ। দেশের আর কোনো ক্রিকেটারের দুই ম্যাচের মধ্য এতো বড় বিরতি নেই।
বিজয়ের আগে রেকর্ডটি ছিল আবুল হাসান রাজুর দখলে। ২০১২ সালে অভিষেকের পর চারটি টি-২০ খেলে বাদ পড়েন এ ডানহাতি পেসার। পরে ২০১৮ সালে আফগানিস্তানের বিপক্ষে দেরাদুনে হওয়া সিরিজে সুযোগ পেয়েছিলেন এক ম্যাচে। মাঝের সময়ে বাংলাদেশের খেলা টি-২০র সংখ্যা ছিল ৫০টি।
এছাড়া শফিউল ইসলাম ৩৭, নুরুল হাসান সোহান ৩৪, ইমরুল কায়েস ২৭ ও আল আমিন হোসেন ২৭ ম্যাচের বিরতি দিয়ে ফিরেছিলেন বাংলাদেশের টি-২০ দলে।
বাংলাদেশের রেকর্ড গড়লেও বিশ্বরেকর্ড থেকে বেশ দূরেই অবশ্য বিজয়। এ তালিকায় সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজের ডেভন থমাস।
২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হওয়া এ উইকেটরক্ষক ব্যাটার নিজের তৃতীয় ও চতুর্থ ম্যাচের মধ্যে বাইরে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ১০২টি টি-২০ ম্যাচে।