আইসিসির সিদ্ধান্ত চূড়ান্ত হলে আইপিএলের সময় অন্য কোনো দেশের ক্রিকেট লিগ বা দ্বিপাক্ষিক সিরিজ মাঠে গড়াবে না। যার বিরোধিতা করে এই বিষয়ে এরই মধ্যে আইসিসিকে চিঠি দিয়েছে পাক বোর্ড।
পিসিবি চাইছে তিন মাসের মধ্যে আইসিসি একটি রিপোর্ট তৈরি করুক। আইপিএলের সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলতে না পারা নিয়েই চিন্তায় পিসিবি। ২০২৩-২০২৭ সালের জন্য যে সূচি তৈরি করতে চলেছে আইসিসি সেখানে আড়াই মাসের সময় থাকতে পারে আইপিএলের জন্য।
.png)
কিন্তু আইপিএলে পাকিস্তানের ক্রিকেটাররা খেলেন না। ২০০৮ সালে একবারই খেলেছিলেন তারা। ২০১২-১৩ সালের পর রাজনৈতিক কারণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজও বন্ধ। আইপিএলের সময় আন্তর্জাতিক ক্রিকেট না হলে বাবর আজমদের আন্তর্জাতিক ক্রিকেট খেলার জায়গা নেই।
২০১৬ সাল থেকে শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। কিন্তু আইসিসির সূচিতে সেই প্রতিযোগিতার জন্য আলাদাভাবে কোনো জায়গা নেই। ফেব্রুয়ারি এবং মার্চ মাসে পিএসএল আয়োজন করার কথা পাকিস্তান বোর্ডের।
২০২৬ সাল থেকে পিএসএলে দলের সংখ্যা আরো বাড়ানোর কথা ভাবছে পিসিবি। দল বাড়লে আরো বেশি সময় প্রয়োজন পিএসএলের জন্য। কিন্তু ফেব্রুয়ারি-মার্চের মধ্যে কী করে তা সম্ভব হবে বুঝতে পারছে না পাক বোর্ড। এমতাবস্থায় আইপিএলের জন্য আলাদাভাবে সময় দেওয়া বন্ধ করুক আইসিসি, এটাই চাচ্ছে তারা।