এর মধ্যে অবশ্য জিম্বাবুয়ে সফর থেকে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছেন দেশ সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন বিসিবির নির্বাচক কমিটি তাকে বাইরে রেখেই আজ দল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে।
ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বঞ্চিত হওয়া মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলি চৌধুরী ও অলরাউন্ডার সাইফুদ্দিন সম্ভবত জিম্বাবুয়ে সফরেও থাকতে পারছেন না। কারণ এরই মধ্যে অনুশীলন শুরু করলেও পুরোপুরি ফিটনেস ফিরে পাননি তারা।
.png)
মুশফিকুর রহিমের পরিবর্তে স্কোয়াডে জায়গা পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ সফরে সব ফর্মেটেই খেলার কথা ছিল ইয়াসিরের। কিন্তু প্রথম টেস্টের আগেই সাইডলাইনে চলে যান তিনি। অপরদিকে ক্যারিবীয় সফরে যাওয়ার আগ মুহুর্তে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি সাইফুদ্দিন।
দুটি দল আলাদাভাবে জিম্বাবুয়ে সফরে গেলেও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছেন এক সঙ্গেই ঘোষণা করা হবে দুই ফর্মেটের দল।
আগামী ২৬ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশ্যে যাত্রা করবে টি-২০ দল। অপরদিকে ওয়ানডে দল দেশ ছাড়বে আগামী ৩০ জুলাই।
তিন টি-২০ সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী ৩০ ও ৩১ জুলাই এবং ২ আগস্ট। অপরদিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের খেলাগুলো অনুষ্ঠিত হবে আগামী ৫, ৭ ও ১০ আগস্ট।
সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়। আর ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে দুপুর দেড়টায়।