ক্রিকেটারদের ব্যস্ত সূচি থেকে মুক্তি দিতে ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটকে ক্রিকেট পঞ্জিকা থেকেই বাদ দেয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম।
সম্প্রতি ভহানি অ্যান্ড টাফার্স ক্রিকেট পডকাস্টে ওয়ানডে ক্রিকেট বাদ দেওয়ার সময় এসেছে কিনা এমন এক প্রশ্নের জবাবে পাকিস্তানের বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার এ কথা বলেন।
.png)
তিনি বলেন, আমার মনে হয় ওয়ানডে ক্রিকেট বাদ দেওয়া উচিৎ। ইংল্যান্ডে আপনি মাঠভর্তি দর্শক দেখতে পাবেন। তবে ভারত, বিশেষ করে পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকায় ওয়ানডেতে স্টেডিয়াম (গ্যালারি) ভরাট করতে পারবেন না।’
ওয়াসিম আরো বলেন, ‘তারা এখন শুধু খেলার জন্য ওয়ানডে খেলছে। প্রথম দশ ওভারের পর চেষ্টা থাকে বলপ্রতি রান নেয়ার, (মাঝে) একটা বাউন্ডারি, চারজন ফিল্ডার (সার্কেলের) ভেতরে থাকে। এভাবেই ৪০ ওভারে ২০০-২২০ রান তুলে এরপর শেষ দশ ওভারে ১০০ রান নেয়ার চেষ্টা করে দলগুলো। প্রত্যেক ম্যাচে এই একই ঘটনা ঘটতে দেখা যায়।’
ব্যস্ত সূচির ধকল থেকে মুক্তি পেতে স্টোকসের অবসরের সিদ্ধান্তের সঙ্গেও একাত্মতা পোষণ করেন ওয়াসিম আকরাম, ‘তার (স্টোকস) ওয়ানডে ক্রিকেট থেকে বিদায়ের সিদ্ধান্ত দুঃখজনক, তবে আমি তার সিদ্ধান্তের সঙ্গে একমত। যেখানে টি-২০ আসার পর ধারাভাষ্যকার হিসেবেও ওয়ানডে ক্রিকেটকে বিরক্তিকর মনে হয়, সেখানে খেলোয়াড় হিসেবে তার ভাবনা আমি বুঝতে পারছি। ২০ ওভার, ৫০ ওভার, তারপর প্রি-গেম, পোস্ট গেম, লাঞ্চ।’
টি-২০র রমরমা যুগে ওয়ানডে ক্রিকেটকে মৃতপ্রায় মনে হচ্ছে আকরামের কাছে, ‘টি-টোয়েন্টি সহজ, কয়েক ঘণ্টাতেই খেলা শেষ হয়ে যায়। এছাড়া বিশ্বজুড়ে লিগগুলোতে অর্থও অনেক বেশি। এটা (অর্থ) আধুনিক ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ। টি-২০ অথবা টেস্ট ক্রিকেট। ওয়ানডে ক্রিকেট মারা যাচ্ছে।’
ওয়ানডে ক্রিকেট বাদ দেওয়ার পরামর্শ দিলেও দৈর্ঘ্যের বিচারে ক্রিকেটের সবচেয়ে বড় সংস্করণ টেস্ট ক্রিকেট চালু রাখার পক্ষে আকরাম,
তার মতে ‘টেস্ট ম্যাচের লড়াইয়ের ভেতর লড়াই থাকে। আমি সবসময় টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দিতাম।’
বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ‘প্রিয়’ ফরম্যাট ওয়ানডে। এই ফরম্যাটে সবশেষ পাঁচ সিরিজে অপরাজিত টাইগাররা। অন্য দুই ফরম্যাটে নাকানি-চুবানি খেলেও এই ফরম্যাটে এলেই স্বস্তির সুবাস পান তামিম-সাকিবরা।
আর তাই ওয়াসিম আকরামের ওয়ানডে ফরম্যাটকে বাদ দেয়ার এই পরামর্শ বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের মনে বিরূপ মনোভাব সৃষ্টি করতেই পারে।