'আলহামদুলিল্লাহ, বিয়ে করেছি।' বিয়ের পরপরই মুনিম শাহরিয়ার তার ফেসবুকে এমন শুকরিয়া জ্ঞাপন করে একটা টেক্সট লিখেন। আর এই দিনেই জাতীয় দলে তার ডাক আসে। বিয়ে ভাগ্য বলতে হবে তার।
শুক্রবার ঘরোয়া আয়োজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জাতীয় দলের ক্রিকেটার মুনিম শাহরিয়ার। কনের নাম কথা।
.png)
বিয়ের দিনই সুখবর পেলেন মুনিম। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে ডাক পান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরের মারকুটে এ ব্যাটার।
মুনিম প্রথম জাতীয় দলে ডাক পান আফগানিস্তানের বিপক্ষে। ঘরের মাঠে দুই ম্যাচ সিরিজে দু’টিতেই খেলার সুযোগ পান। কিন্তু নিজেকে তেমন মেলে ধরতে পারেননি। করেন ১৭ ও ৪ রান।

এরপর উইন্ডিজ সফরেও তাকে দলে রাখা হয়। প্রথম ম্যাচেই একাদশে ছিলেন। কিন্তু ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হবার আগে তিনি করেছিলেন ২ রান।
এরপর একাদশ থেকে বাদ পড়ে যান। খেলা হয়নি পরের দুই ম্যাচ। যে কারণে জিম্বাবুয়ে সফরে তার দলে থাকা নিয়ে কিছুটা সংশয় ছিল। কিন্তু তারুণ্য নির্ভর দল গড়তে দলে টিকে যান তিনি।
বিপিএলে ৬ ম্যাচে মুনিম রান করেছিলেন ১৭৮। যার গড় ২৯.৬৬ ও স্ট্রাইকরেট ১৫২.১৩।
মুনিমের সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ৫১। টুর্নামেন্টে ১৫টি চারের পাশাপাশি ১৩টি ছক্কাও হাঁকান এ ব্যাটসম্যান।