ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইসিসির সদস্যপদ পেল কম্বোডিয়া, উজবেকিস্তান, আইভরি কোস্ট 

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১১:২৬, ২৭ জুলাই ২০২২
আইসিসির সদস্যপদ পেল কম্বোডিয়া, উজবেকিস্তান, আইভরি কোস্ট 
ছবি: সংগৃহীত

বিশ্ব ক্রিকেটে আইসিসির সহযোগী সদস্য হিসেবে সংযুক্ত হলো আরো তিনটি নতুন দেশের নাম। ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে ২৬ জুলাই এই তিনদেশকে সদস্যপদ দিল আইসিসি। দেশ তিনটি হলো- এশিয়া থেকে কম্বোডিয়া ও উজবেকিস্তান এবং আফ্রিকা থেকে আইভরি কোস্ট। 

মঙ্গলবার রাতে বার্মিংহামে চলমান আইসিসির বার্ষিক সভায় এ সিদ্ধান্ত হয়। যার ফলে এখন স্বীকৃত ক্রিকেট খেলুড়ে দেশের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০৮টি।

Advertisement

যার সুবাদে এখন এশিয়ার ২৫টি ও আফ্রিকার ২১টি দেশ আইসিসির সদস্য হলো।

ক্রিকেটখেলুড়ে দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার বড় মানদণ্ড হলো নিয়মিত ঘরোয়া ক্রিকেট আয়োজন। যেখানে অন্ততপক্ষে ৫০ ওভার ও ২০ ওভারের টুর্নামেন্ট আয়োজন করতে হবে, পাশাপাশি বয়সভিত্তিক ও নারী দলও থাকতে হবে।

নতুন তিন দেশই আইসিসির এ শর্তপূরণ করেছে। উজবেকিস্তান ক্রিকেট ফেডারেশনের অধীনে ১৫টি নারী দল ঘরোয়া ক্রিকেট খেলবে। এছাড়া অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৭ দলের জন্যও রয়েছে তাদের ভিন্ন পরিকল্পনা।

আইভরি কোস্টের এরই মধ্যে রয়েছে তৃণমূলে শক্তিশালী ক্রিকেট কাঠামো। জাতীয়ভাবে আটটি দল হিসেবে ন্যাশনাল লিগ আয়োজন করে তারা। এছাড়া নারী ক্রিকেট নিয়েও বিস্তর পরিকল্পনা রয়েছে তার।

অন্যদিকে করোনাভাইরাসের কারণে কম্বোডিয়ার ক্রিকেট পরিকল্পনা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বছর শেষ হওয়ার আগেই নারী ক্রিকেটের দৃশ্যমান উন্নতির পরিকল্পনা জানিয়েছে তারা। এছাড়া আট দলের অংশগ্রহণে টি-২০ টুর্নামেন্টও আয়োজন করা হবে।

এবার আইসিসির সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করেছিল ইউক্রেন। তবে দেশটির ক্রিকেট কাঠামো পরিচালনার জন্য পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত আবেদন ঝুলিয়ে রাখার সিদ্ধান্ত জানিয়েছে আইসিসি। 

তবে ইউক্রেনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে তারা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!