ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইপিএলের টানে ছাড়লেন অস্ট্রেলিয়ার কোচের পদ!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৫১, ২৯ জুলাই ২০২২
আইপিএলের টানে ছাড়লেন অস্ট্রেলিয়ার কোচের পদ!
নাথান লায়নের সঙ্গে শ্রীধরণ শ্রীরাম

অনেকদিন ধরেই এক সঙ্গে দুটি দায়িত্ব সামলাচ্ছিলেন শ্রীধরণ শ্রীরাম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর পাশাপাশি ছিলেন অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ। তবে আইপিএলের চাকরিতে আরো সময় দিতে অস্ট্রেলিয়ার দায়িত্ব ছেড়েছেন তিনি।

আইপিএলে দলের সংখ্যা বেড়েছে। যার ফলে বেড়েছে আসরের দৈর্ঘ্য এবং প্রতিযোগিতাও। এমন পরিস্থিতিতে শ্রীরামের মনে হচ্ছিল, তিনি আইপিএলের দায়িত্বটিতে ঠিকঠাক মনোনিবেশ করতে পারছেন না।

তাই আইপিএলে মনোযোগ দিতে অস্ট্রেলিয়ার কোচের পদ থেকে ইস্তফা দিলেন এই কোচ। পদত্যাগের খবর জানিয়ে শ্রীরাম বলেছেন, ‘টানা ছয় বছর এই দায়িত্ব সামলেছি। খারাপ লাগলেও কাজটা ছাড়ার সিদ্ধান্ত নিতেই হল।’

Advertisement

এখনই অস্ট্রেলিয়ার দায়িত্ব ছাড়ার উপযুক্ত সময় মনে হয়েছে শ্রীরামের। তার ভাষায়, ‘আমার মনে হয়েছে সরে যাওয়ার এটাই উপযুক্ত সময়। দুটি বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য ওদের পর্যাপ্ত সময় দিয়েছি।

এরপর তিনি বলেন, ‘বিশ্বকাপ, অ্যাশেজ এবং তিন ধরনের ক্রিকেটে কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত। আমি নিজেও প্রচুর জ্ঞান অর্জন করে সমৃদ্ধ হয়েছি।’

২০১৬ সালে সাবেক ভারতীয় স্পিন অলরাউন্ডার শ্রীরামকে নিয়োগ দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। গত ছয় বছর অজি স্পিনার নাথান লায়ন, অ্যাস্টন আগার, মিচেল সোয়েপসনদের নিয়ে কাজ করেছেন তিনি।

২০১৯ সালে ব্যাঙ্গালুরুর দায়িত্ব নেয়ার পর থেকেই দুটি দায়িত্ব নিয়ে হিমশিম খাচ্ছিলেন। অবশেষে আইপিএলের দায়িত্বটিকে গুরুত্ব দিয়ে অস্ট্রেলিয়ার কোচের পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি।

বিদায় বেলায় অস্ট্রেলিয়ার স্পিন বোলার অ্যাডাম জাম্পা প্রশংসায় ভাসিয়েছেন শ্রীরামকে। তিনি বলেন, ‘শ্রীরামের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। তার কাজের প্রতি আমার প্রচণ্ড শ্রদ্ধা রয়েছে। আমার ক্রিকেট জীবনে শ্রীরামের অনেক অবদান রয়েছে।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!