জিম্বাবুয়ের বিপক্ষে চলমান দ্বিতীয় টি-২০ ম্যাচে জয় দিয়ে ১-১ এ সিরিজ সমতায় আনা দলটির নতুন অধিনায়ক নুরুল হাসান সোহানের জন্য বড় দুঃসংবাদ।
আঙুলে চোটের কারণে তাকে টি-২০সহ পুরো ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে যেতে হলো। নতুন নেতৃত্ব পাওয়া এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের সুস্থ হয়ে মাঠে ফিরতে অন্তত ৩ সপ্তাহ সময় লাগবে।
.png)
রোববার রাতে বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তার পরিবর্তে দলের হয়ে হাল ধরতে পারেন অভিজ্ঞ ব্যাটসম্যান লিটন দাস।
সোহানের চোটের ধরন নিয়ে জিম্বাবুয়েতে দলের সঙ্গে থাকা বিসিবির ফিজিও মুজাদ্দেদ আলফা সানি বলেছেন, ‘আমরা সোহানের আঙুলে একটি এক্স-রে করেছিলাম যাতে তর্জনীতে চির ধরা পড়ে। এ ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে প্রায় তিন সপ্তাহ সময় লাগে। তাই তিনি আগামী মঙ্গলবারের শেষ টি-২০ ম্যাচ এবং আসন্ন ওয়ানডে সিরিজের বাইরে থাকবেন’,
রোববার দ্বিতীয় টি-২০তে জিম্বাবুয়ের ব্যাটিংয়ের সময় বাংলাদেশি পেসার হাসান মাহমুদের করা একটি বল গ্লাভস বন্দি করতে গিয়ে বাম তর্জনীতে চোট পান সোহান। সেখানে চির ধরা পড়েছে।
ফিল্ডিংয়ের চোট পাওয়া অধিনায়ক সোহানকে অবশ্য পরে আর ব্যাটিংয়ে নামতে হয়নি। মোসাদ্দেক হোসেনের ক্যারিয়ার সেরা বোলিংয়ে জিম্বাবুয়েকে ১৩৫ রানে থামায় বাংলাদেশ দল। পরে লিটন দাসের ব্যাটে ভর করে ৭ উইকেটে ম্যাচ জেতে টাইগাররা। এতে ৩ ম্যাচের টি-২০ সিরিজ ১-১ এ সমতায় আছে।
আগামী মঙ্গলবার অলিখিত ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ-জিম্বাবুয়ে।
টি-২০সিরিজ শেষে ৫, ৮ ও ১০ আগস্ট হারারেতে স্বাগতিকদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের লড়াইয়ে নামবে টাইগাররা।