ভারত-উইন্ডিজ পাঁচ ম্যাচ টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে এসে বেশ জমে উঠেছে। প্রথম ম্যাচ জিতে সিরিজে লিড নিয়েছিল ভারত। পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। আর তৃতীয় ম্যাচে তো উইন্ডিজকে নাকানিচুবানি দিয়ে জয় তুলে আবার এগিয়ে গেল ভারত।
মঙ্গলবার রাতে সেন্ট কিটসের বেসেতেরেতে সিরিজের তৃতীয় টি-২০তে সূর্যকুমার যাদবের ঝড়ো ব্যাটে ৭ উইকেট আর ১ ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় রোহিতরা।
.png)
শুরুতে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিং করে কাইল মায়ার্সের হাফসেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে ১৬৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহই দাঁড় করায়।
মায়ার্স ৫০ বলে ৮ বাউন্ডারি আর ৪ ছক্কায় খেলেন ৭৩ রানের ইনিংস। এছাড়া ব্রেন্ডন কিং ২০ বলে ২০, নিকোলাস পুরান ২৩ বলে ২২, রভম্যান পাওয়েল ১৪ বলে ২৩ আর সিমরন হেটমায়ার ১২ বলে করেন ২০ রান।
জবাবে রোহিত শর্মা ৫ বলে ১১ করে আহত হয়ে ফিরলে আরেক ওপেনার সূর্যকুমারের ব্যাটে সহজ জয়ের ভিত পেয়ে যায় ভারত।
সূর্য ৪৪ বলে ৮ চার আর ৪ ছক্কায় খেলেন ৭৬ রানের ইনিংস। রিশাভ পান্ত ২৬ বলে অপরাজিত ৩৩ আর দীপক হুদা ৭ বলে ১০ করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
এ জয়ে ভারত-উইন্ডিজ পাঁচ ম্যাচ টি-২০ সিরিজে রোহিতের ভারত ২-১ এ এগিয়ে গেল।