ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ছোট্ট শিশুর সঙ্গে মেসির কাণ্ড, মুগ্ধ সবাই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৫৭, ৪ আগস্ট ২০২২
ছোট্ট শিশুর সঙ্গে মেসির কাণ্ড, মুগ্ধ সবাই
ছবি: সংগৃহীত

সারাবিশ্ব জুড়ে লিওনেল মেসির অসংখ্য ভক্ত-সমর্থক ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা সুযোগ পেলেই আর্জেন্টাইন মহাতারকার কাছে যেতে চান। মেসি সময় ও সুযোগ মিলে ভক্তদের ডাকে সাড়াও দেন। তবে সম্প্রতি তিনি এমন এক কাণ্ড করেছেন, যা ছুঁয়ে গেছে সবাইকে।

পিএসজির হয়ে ভালো খেলতে না পারার দুর্নামটা ধীরে ধীরে পেছনে ফেলছেন লিওনেল মেসি। সবশেষ ম্যাচেই পেয়েছেন সেরার পুরষ্কার। এরপর মাঠে ঘটে যায় আরেক কাণ্ড। যার ফলে তাকে করা প্রশংসার পরিমাণ কেবল বেড়েছেই। কারণ নিরাপত্তা কর্মীর হাত থেকে রক্ষা করে যে ছোট্ট ভক্তের সঙ্গে ছবি তুলেছেন তিনি। 

ঘটনাটা ঘটেছে পিএসজির সবশেষ ম্যাচের পর। নঁতের বিপক্ষে সেই ম্যাচে মেসি নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়েছেন। প্রথমার্ধে নেইমারের পাস থেকে তার করা গোলেই এগিয়ে গিয়েছিল পিএসজি। দলটি ম্যাচ জিতেছে ৪-০ ব্যবধানে। অর্জন করেছে ত্রফি দেস চ্যাম্পিয়ন্স বা ফ্রেঞ্চ সুপার কাপ।

Advertisement

এই ম্যাচেই ম্যাচসেরার পুরস্কার জিতেছিলেন মেসি। আলোচিত ঘটনাটি ঘটেছে ম্যাচের পর। ইসরায়েলের তেল আবিবে অনুষ্ঠিত সেই ম্যাচের পুরস্কার বিতরণী শেষে আর্জেন্টাইন মহাতারকা ড্রেসিংরুমের দিকে যাচ্ছিলেন। তখন মেসির সঙ্গে ছবি তুলতে এক খুদে সমর্থক ফোন হাতে করে মরিয়া হয়ে তার কাছে ছুটে আসতে চেয়েছিলেন।

তবে বেরসিক নিরাপত্তা কর্মীরা সেই শিশুকে রুখে দেন। রীতিমতো টেনে হিঁচড়ে তাকে মেসি থেকে দূরে নিয়ে যাচ্ছিলেন। এমন সময় ফোনটাও হাত ফসকে পড়ে যায় তার। ফলে সেই সমর্থকের হতাশাটা বাড়ে আরো।

এতকিছু যখন হচ্ছিল, বিষয়টা চোখ এড়িয়ে যায়নি মেসিরও। আর্জেন্টাইন অধিনায়ক তাড়াতাড়ি গিয়ে নিরাপত্তা কর্মীদের বাধা দেন ও সেই ভক্তকে ছেড়ে দিতে অনুরোধ করেন। তার কথা শুনে নিরাপত্তাকর্মীরাও তাকে ছেড়ে দেন। 

এরপরও মেসি সেখান থেকে চলে যাননি। অপেক্ষা করেছেন, এই সময় সেই ভক্ত গিয়ে ফোনটা খুঁজে এনেছেন। অতঃপর এসেছে সেই ভক্তের মাহেন্দ্রক্ষণ, মেসির সঙ্গে অবশেষে ছবি তোলেন তিনি। এরপর আর্জেন্টাইন মহাতারকা তাকে জড়িয়েও ধরেন। এমন ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি।

গতবছর মেসির চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর সঙ্গে এক ভক্ত ছবি তুলতে চাওয়ায় সিআর সেভেন তার ফোন ভেঙে ফেলেছিলেন। সেখানে মেসির এমন কীর্তি সবাইকে মুগ্ধ করেছে। মাঠের বাইরেও যে মেসি কতটা বিনয়ী, সেটাই যেন প্রমাণিত হলো আরেকবার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!