জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজে স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচে আঙুলে ইনজুরিতে পড়া নুরুল হাসান সোহানকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চোধুরীও তার সঙ্গে যাওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার নুরুল হাসান সোহান এই খবর নিশ্চিত করেন। এ বিষয়ে সোহান বলেন, 'সিঙ্গাপুর যাবো। ভিসা প্রসেসিং চলছে। অপারেশন না লাগতে পারে, আশা করি এশিয়া কাপের আগে ঠিক হয়ে যাবে।'
.png)
অস্ত্রোপচার বিষয়ে তিনি জানান, এখনও নিশ্চিত না অস্ত্রোপচার লাগবে কি না। একেক চিকিৎসক একেকটা কথা বলছেন।
চিকিৎসক দেবাশীষ বলেন, 'আমরা ইংল্যান্ডের চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। আরও কয়েকজনের সঙ্গে আলোচনা করেছি। কেউ অস্ত্রোপচারের পক্ষে আবার কেউ বিপক্ষে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সিঙ্গাপুর যাচ্ছি।'
ভিসা পেলেই র্যাফেলস হাসপাতালে চিকিৎসককে দেখানোর উদ্দেশ্যে সিঙ্গাপুর উড়াল দেবেন নুরুল হাসান সোহান-দেবাশীষ চৌধুরী।
সম্প্রতি জিম্বাবুয়ের হারারে স্পোর্টস গ্রাউন্ডে দ্বিতীয় টি-২০তে ফিল্ডিংয়ের সময় পেসার হাসান মাহমুদের বল তার তর্জনিতে আঘাত করলে আঙুলে ব্যথা পান সোহান। ম্যাচের পর আঙুলের এক্স-রে করানো হলে সেখানে তার চিড় ধরা পড়ে। এ অবস্থায় প্রাথমিকভাবে সুস্থ হতে তিন সপ্তাহ লাগতে পারে সোহানের।