অধিনায়ক নির্বাচনের পরই এশিয়া কাপের দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ।
আজ বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
.png)
দুই দিনের ভেতরেই অধিনায়কের নাম জানা যাবে বলে জানান বিসিবি বস, নাজমুল হাসান বলেন,‘দল আর অধিনায়ক একসঙ্গে দুই দিনের মধ্যে জানতে পারবেন। এই মুহূর্তে কে অধিনায়ক আমি জানি না। কারণ ওনারা কথা বলবেন। কথা বলে আমাকে জানাবেন এটাই কথা হয়েছে। এজন্য আগে জানতে হবে কে হতে চায়, কে হতে চায় না। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যত সহজ ভাবছেন তত সহজ না। কারণ চারজনের নামের মধ্যে একজন না করে দিয়েছে অলরেডি।’
টি-২০ সংস্করণে মধ্যপ্রাচ্যে এশিয়া কাপ শুরু হবে ২৭ আগস্ট থেকে। দুবাই ও শারজায় হবে টুর্নামেন্টের ১৩টি ম্যাচ।
প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলংকা ও আফগানিস্তান। ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গী হবে বাছাইপর্ব থেকে উঠে আসা একটি দল।
এরপর সুপার ফোরে লিগ পদ্ধতিতে শীর্ষ দুই দল যাবে ফাইনালে। দলকে চাঙ্গা রাখতে এবার এশিয়া কাপে দলের সঙ্গে থাকার ঘোষণা দিয়েছেন নাজমুল হাসান।
তিনি জানান, ‘এবার এশিয়া কাপে যাবো, টিমের সাথে থাকবো। দেখব কী হয়?’
গতবার এশিয়া কাপে বাংলাদেশ ও ভারত ফাইনাল খেলেছিল, কিন্তু ট্রফি জিততে পারেনি টাইগাররা।