তুরস্কের কনিয়াতে শুক্রবার মেয়েদের হাই জাম্পে ১.৭৩ মিটার লাফিয়েছেন রিতু। গত জানুয়ারিতে জাতীয় চ্যাম্পিয়নশিপে ১.৬৬ মিটার লাফিয়ে রুপা জিতেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এই অ্যাথলেট।
গত জাতীয় চ্যাম্পিয়নশিপেই ১.৭১ মিটার লাফিয়ে রেকর্ড গড়ে সোনা জেতা উম্মে হাফসা রুমকী তুরস্কে ১.৭০ মিটার লাফিয়ে নবম হয়েছেন। রুমকীর রেকর্ডই বিদেশ-বিভূইয়ের নিজের করে নিয়েছেন রিতু।
.png)
এই ইভেন্টে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন দুই নারী অ্যাথলেট, উম্মে হাফসা রুমকি ও রিতু আক্তার। ১.৭৩ মিটার লাফিয়ে গেমসে সপ্তম হয়েছেন রিতু আক্তার। ১.৭৬ মিটার উচ্চতায় তিন বার প্রচেষ্টা করেও পার করতে পারেননি রিতু। ১.৭০ মিটার লাফিয়ে নবম হয়েছেন উম্মে হাফসা রুমকি।
প্রথম প্রচেষ্টায় রুমকি ১.৬৫ মিটার লাফানোর পর দ্বিতীয় প্রচেষ্টায় ১.৭০ মিটার লাফান, তৃতীয় প্রচেষ্টায় ১.৭৩ মিটার পার করতে পারেননি রুমকি।
কনিয়ায় এ ইভেন্টে ১.৯৭ মিটার লাফিয়ে সোনা জিতেছেন উজবেকিস্তানের সাফিনা সাদুলায়েভা। তার স্বদেশি সভেৎলানা রাজিভিল (১.৮৭ মিটার) পেয়েছেন রুপা; সমান উঁচুতে লাফিয়ে ব্রোঞ্জ পেয়েছেন কাজাখস্তানের ক্রিস্তিয়ানা ওভচিন্নিকোভা।