ম্যানচেস্টার ইউনাইটেড এখন অনূর্ধ্ব-৯ দল নিয়ে খেলে!
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। টানা দুই লিগ ম্যাচ হেরে মৌসুম শুরু করা রেড ডেভিলদের অনূর্ধ্ব-৯ দলের সঙ্গে তুলনা করেছেন ইউনাইটেড কিংবদন্তি ও ফুটবল বিশ্লেষক গ্যারি নেভিল।
এর পাশাপাশি ভক্ত হিসেবে ম্যাচের প্রথমার্ধে সবচেয়ে বাজে ম্যানচেস্টার ইউনাইটেড দর্শন হয়েছে বলেও উল্লেখ করেছেন নেভিল। এখানেই শেষ নয়, রোনালদো-রাশফোর্ডদেরকে মৃত ঘোষণা করেছেন ভক্তরা। তারা টুইটারে দুই দশকের বেশি সময় প্রিমিয়ার লিগে রাজত্ব করা দলটিকে ‘রেস্ট ইন পিস’ বলে দিয়েছেন।
গ্যারি নেভিল বলেন, ‘দেখে মনে হলো, একটা পুরুষ দল অনূর্ধ্ব-৯ দলের বিপক্ষে খেলছে। প্রথমার্ধে ইউনাইটেড ভালো করেছে এমন একটা মুহূর্ত মনে করার চেষ্টা করলাম, পারলাম না। ৪২ বছর ধরে এই দলকে অনুসরণ করছি। এতো খারাপ প্রথমার্ধ দেখার অভিজ্ঞতা আগে হয়নি আমার।’
.png)
ম্যানচেস্টার ইউনাইতেড নতুন কোচ এরিক টেন হ্যাগকে প্রত্যাশিত খেলোয়াড় দিতে পারেনি বলেও মন্তব্য করেছেন নেভিল। তার মতে, সাবেক ইউনাইটেড কোচ রালফ রাংনিক বলে গেছেন, এই দলের ওপেন হার্ট সার্জারি দরকার। অথচ কর্তৃপক্ষ লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান এরিকসন ও মেলাসিয়া ছাড়া কাউকে দলে ভেড়াতে পারেনি।
ইউনাইটেড হারার পর কড়া ভাষায় সমালোচনায় মেতেছেন ভক্তরা। ব্রেন্টফোর্ডের ঘরের মাঠে খেলা হলেও বেশ দর্শক এসেছিলেন সিআর সেভেনদের সমর্থন দিতে। হারের পর একজন টুইটারে লিখেছেন, ‘রেস্ট ইন পিস ম্যানইউ।’ অন্য এক মন্তব্য এমন, ‘তাই তো বলি কেন ম্যানইউ ছাড়তে চান রোনালদো?’