ইউনাইটেড থেকে ধারে সেভিয়ায় টেলেস
এক মৌসুমের জন্য ধারে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সেভিয়ায় যোগ দিয়েছেন লেফট-ব্যাক অ্যালেক্স টেলেস।
২৯ বছর বয়সী এই ডিফেন্ডার ২০২০ সালের অক্টোবরে পোর্তো থেকে ইউনাইটেডে যোগ দিয়েছিলেন। কিন্তু ইউনাইটেডের প্রথম একাদশে জায়গা ধরে রাখতে পারেননি। বেশীরভাগ সময়ই তিনি লুক শ’র ব্যাক-আপ হিসেবে মাঠে নেমেছেন।
ফেয়েনুর্ড থেকে টাইরেল মালাকিয়া দলে যোগ দেয়ায় টেলেসের মূল একাদশে খেলা আরো পিছিয়ে গেল। সে কারণেই ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারকে দলে ভেড়ানোর সুযোগটি হাতছাড়া করেনি স্প্যানিশ দল সেভিয়া।
.png)
পূর্ণ বেতন দিয়েই টেলেসকে দলে টেনেছে সেভিয়া। তবে চুক্তির সময়সীমা বাড়ানোর কোন শর্ত তাকে দেয়া হয়নি।
এবারের গ্রীষ্মে বেশ কিছু খেলোয়াড় ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে গেছে। সেই তালিকায় নতুন করে যুক্ত হলেন টেলেস। গত মৌসুমের পরে চুক্তি শেষ হয়ে যাওয়ায় ফ্রি ট্রান্সফারে দল ছেড়েছেন পল পগবা, এডিনসন কাভানি, জেসে লিংগার্ড, নিমাঞ্জা মাটিচ ও হুয়ান মাতা।
এছাড়া স্থায়ী চুক্তিতে ফুলহ্যামে ফিরে গেছেন আন্দ্রেস পেরেইরা এবং ধারে নটিংহ্যাম ফরেস্টে যোগ দিয়েছেন ডিন হেন্ডারসন।