ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসির এমএলএসে খেলা প্রসঙ্গে মুখ খুললেন হিগুয়েন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৩৪, ১৮ আগস্ট ২০২২
মেসির এমএলএসে খেলা প্রসঙ্গে মুখ খুললেন হিগুয়েন
মেসির সঙ্গে হিগুয়েন

বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর গত মৌসুমে প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ২ বছরের চুক্তিতে ক্লাবটিতে যোগ দিয়ে এরই মধ্যে এক মৌসুম কাটিয়ে ফেলেছেন তিনি।

গুঞ্জন ছিল, চুক্তি শেষে মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মিয়ামিতে যাবেন মেসি। তবে এ বিষয়ে আশাবাদী নন জাতীয় দলে মেসির একসময়ের সতীর্থ গঞ্জালো হিগুয়েন।

সাম্প্রতিক সময়ে বার্সেলোনায় মেসির প্রত্যাবর্তনের গুঞ্জন জোরাল হয়েছে। তবে এর আগে এতদিন গুঞ্জন ছিল, ২০২৩ সালে চুক্তির মেয়াদ শেষে ইন্টার মিয়ামি দলে যোগ দেবেন তিনি। 

Advertisement

এমএলএসের দল ইন্টার মিয়ামির মালিকানায় আছেন ইংলিশ ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহ্যাম। ইউরোপিয়ান ফুটবলে নিজের ক্যারিয়ার শেষ করে এমএলএসের দল এলএ গ্যালাক্সিতে যোগ দিয়েছিলেন তিনি। 

সাবেক এই ইংলিশ অধিনায়ক মনে করেন, ক্যারিয়ার সায়াহ্নে থাকা মেসিও ইউরোপ অধ্যায় শেষ করে যুক্তরাষ্ট্রে চলে আসবেন। আর ইন্টার মিয়ামির জার্সিতে মেসিকে দেখতে পারাটা বেকহ্যামের কাছে একটা স্বপ্নপুরণের মতো বিষয়।

ফুটবলকে সকার নামে চেনা আমেরিকানদের কাছে জনপ্রিয়তায় রাগবির ধারেকাছে নেই ফুটবল। তবে এমএলএসে বড় বড় তারকাদের আগমনে সময়ের সঙ্গে জনপ্রিয়তা পাচ্ছে খেলাটি।

সাম্প্রতিক সময়ে এমএলএসে খেলে গেছেন থিয়েরি অরি, ডেভিড ভিয়া, কাকা, জলাতান ইব্রাহিমোভিচ, গঞ্জালো হিগুয়েনের মতো তারকারা।এ মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে গ্যারেথ বেল ও জুভেন্টাস ছেড়ে জর্জিও কিয়েলিনিও নিয়েছেন এমএলএসের চ্যালেঞ্জ।

এরই ধারাবাহিকতায় ইন্টার মিয়ামি পাখির চোখ করেছে মেসিকে। ক্লাবটির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা হাভিয়ের অ্যাসেনসি সম্প্রতি জানান, ইন্টার মিয়ামি সবসময় বিশ্বের সেরা ফুটবলারদের তাদের দলে খেলার জন্য আকৃষ্ট করে এবং মেসি অবশ্যই তাদের একজন।

ইন্টার মিয়ামির আর্জেন্টাইন তারকা গঞ্জালো  হিগুয়েন মেসির সঙ্গে প্রায় নয় বছর জাতীয় দলের ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন। তবে ইন্টার মিয়ামিতে মেসির খেলার বিষয়ে তার সঙ্গে কখনো কথা হয়নি বলেই জানিয়েছেন।

অবশ্য মেসির সঙ্গে যদি একই ক্লাবে খেলার সুযোগ হয়, তবে সে সুযোগ মোটেই হাতছাড়া করবেন না হিগুয়েন। আর্জেন্টিনা জাতীয় দলে একসঙ্গে ৯ বছর খেলতে পেরে তিনি খুশি বলেও জানান এই তারকা।

হিগুয়েন বলেন, এই মুহূর্তে মেসির সঙ্গে পিএসজির একটা চুক্তি আছে এবং আমি জানি না সে এখানে খেলতে আসবে কি না। আমার তার সঙ্গে ৯ বছর খেলার সৌভাগ্য হয়েছিল। সুযোগ পেলে আমি তাকে সাদরে গ্রহণ করবো।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!