টি-২০ ক্রিকেটে আফগানিস্তানের অন্যতম সফল বোলার রশিদ খান। বিশ্ব ক্রিকেটেও তাকে সমীহ করেন ব্যাটাররা। সেই রশিদ খান এবার নতুন এক ডেলিভারি নিয়ে এসেছেন।
টি-২০তে এখন পর্যন্ত ৪৬৯টি উইকেট রয়েছে রশিদের। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি সবসময় নতুন ধরণের ডেলিভারি করার চেষ্টা করি। নেটে এখন সেগুলো অনুশীলন করছি। এখনো কোনো ম্যাচে সেই ডেলিভারিগুলো করিনি। মন্থর গতির লেগস্পিন করার চেষ্টা করছি।
.png)
তিনি আরো বলেন, আমি পাকিস্তান সুপার লিগে সেই ধরনের কিছু বল করেছি। বাংলাদেশ সিরিজেও করেছি। সেগুলো কাজও দিয়েছে। তবে এখনো সেভাবে দক্ষতা তৈরি হয়নি। আরো অনুশীলন করতে হবে। আশা করি এশিয়া কাপে বিশেষ সেই বল করতে পারব।
রশিদ চাইছেন সহজ ভাবে বল করতে। তিনি বলেন, বল করার সময় আমি খুব বেশি ভাবি না। সহজ রাখতে চাই পুরো বিষয়টা। কাল কী হবে না ভেবে আজকের ওপর মনোযোগ দিতে চাই। সব সময় চেষ্টা করি সঠিক জায়গায় বল করতে। সেই দক্ষতা আমার আছে। সেটা হলেই অনেক কিছু সহজ হয়ে যায়।
আগামী ২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। যেখানে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি আফগানিস্তান। এছাড়া খেলবে বাংলাদেশের বিপক্ষেও। হয়তো এই দুই ম্যাচের মাঝেই দেখা যাবে রশিদের নতুন অস্ত্র।