সোমবার রাতে টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ডকে ২৭ রানে হারিয়েছে আফগানিস্তান। এর মাধ্যমে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। সিরিজের প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে এসে প্রথম জয় পায় আফগানরা। আগামীকাল সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বেলফাস্টে বৃষ্টির কারণে ১১ ওভারে নামিয়ে আনা ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান। মারমুখী মেজাজে শুরু করেছিলেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। ১৩ বল খেলে ৩টি চার ও ২টি ছক্কায় ২৪ রান করেন তিনি।
.png)
আফগামিস্তানের উদ্বোধনী জুটিতে ১৬ বলে আসে ৩৭ রান। গুরবাজের আউটের পর কিছুটা এলোমেলো হয়ে পড়ে দল। ৭৬ রানে পঞ্চম উইকেট হারায় তারা। তবে এক প্রান্ত আগলে দ্রুত রান তুলেছেন অভিজ্ঞ নাজিবুল্লাহ জাদরান।
ইনিংসের শেষ ওভারে আউটের আগে ২২ বলে টি-২০ ক্যারিয়ারের অষ্টম হাফ-সেঞ্চুরির দেখা পান নাজিবুল্লাহ। শেষ পর্যন্ত ২৪ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫০ রান করেন তিনি।
শেষদিকে মাত্র ১০ বল খেলে অপরাজিত ৩১ রান তুলে আফগানিস্তানকে শক্তপোক্ত সংগ্রহ এনে দেন রশিদ। নির্ধারিত ১১ ওভারে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৩২ রান করে আফগানরা। রশিদের ক্যামিও ইনিংসে ১টি চার ও ৩টি ছক্কা ছিলো।
জয়ের জন্য ১১ ওভারে ১৩৩ রানের চ্যালেঞ্জিং টার্গেটে ভালো শুরুর ইঙ্গিত দিয়েও বড় জুটি গড়তে পারেনি আয়ারল্যান্ডের দুই ওপেনার। ১০ বলে ২৮ রান তুলে বিচ্ছিন্ন হন পল স্ট্রার্লিং ও এন্ডি বালবির্নি।
উদ্বোধনী জুটি ভাঙ্গার পর নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারায় আয়ারল্যান্ড। ফলে আস্কিং রেটও বেড়ে যায় তাদের। তারপরও লড়াই করার চেষ্টা করেন পাঁচ নম্বরে নামা জর্জ ডকরেল। সতীর্থদের সহায়তা না পাওয়ায় ডকরেলের ২৭ বলে অপরাজিত ৪১ রানের ইনিংসটি বৃথা যায়।
শেষ পর্যন্ত ১০৫ রানে গুটিয়ে ম্যাচ হারে আইরিশরা। আফগানিস্তানের ফরিদ আহমেদ ৩টি, রশিদ-নবীন ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন রশিদ।